• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে আষাঢ় ১৪৩৩ বিকাল ০৪:৫৫:০৯ (12-Jul-2026)
  • - ৩৩° সে:
সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

অনলাইন ডেস্ক: বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।১২ জুলাই রোববার দেওয়া এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সৈনিক, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং দেশের একজন অভিজ্ঞ রাজনীতিক হিসেবে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার জাতির জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের রাজনীতির একজন প্রজ্ঞাবান, সৎ ও নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সততা, প্রজ্ঞা ও দায়িত্ববোধের সঙ্গে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি শিক্ষামন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রীসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।তিনি আরও বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সুসংহত করা, সংসদীয় সংস্কৃতির বিকাশ এবং জনকল্যাণমূলক রাষ্ট্র পরিচালনায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি আজীবন বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আদর্শে অবিচল ছিলেন। রাজনৈতিক প্রতিকূলতা ও দমন-পীড়নের মধ্যেও তিনি দলীয় আদর্শ থেকে বিচ্যুত হননি।প্রধানমন্ত্রী বলেন, বিশেষ করে গত ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের সাহসিকতা, প্রজ্ঞা ও দৃঢ় নেতৃত্ব বিএনপির ইতিহাসে এবং দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, দক্ষ সংসদীয় ব্যক্তিত্ব, বিচক্ষণ রাষ্ট্রনায়ক ও দেশপ্রেমিককে হারাল। তাঁর আদর্শ, সততা ও কর্মময় জীবন ভবিষ্যৎ প্রজন্মের রাজনীতিকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।প্রধানমন্ত্রী মহান আল্লাহর কাছে মরহুমের জান্নাতুল ফেরদৌস কামনা করেন এবং তাঁর স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।উল্লেখ্য, রোববার ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা শেষে তিনি লন্ডনের লিংকনস ইন থেকে ব্যারিস্টারি সম্পন্ন করে ১৯৬০ সালে আইন পেশায় যোগ দেন। তিনি বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি জাতীয় সংসদের স্পিকার এবং অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগের পর বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বও পালন করেন। এছাড়া বিভিন্ন সময়ে সরকারের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন।