বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা বহাল রাখবে যুক্তরাজ্য: সারাহ কুক
অনলাইন ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন, স্বল্পোন্নত (এলডিসি) দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের পরও ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বহাল রাখবে যুক্তরাজ্য। তবে উত্তরণের পর প্রথম তিন বছর বাংলাদেশের ৯৯.৮ শতাংশ পণ্য যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত সুবিধা পাবে।৪ অক্টোবর রোববার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন’-এ বক্তব্য দেওয়ার সময় তিনি এসব তথ্য জানান।ব্রিটিশ হাইকমিশনার বলেন, ‘এরপর ৯২ শতাংশ পণ্য শুল্কমুক্ত থাকবে, যার মধ্যে তৈরি পোশাকও রয়েছে।’বাংলাদেশের এলডিসি উত্তরণকে সামনে রেখে যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য সম্পর্কের ধারাবাহিকতা নিয়ে এই বক্তব্যকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। তৈরি পোশাক বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত হওয়ায় যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকা দেশের রপ্তানি বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ।তিনি বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক এখন শুধু উন্নয়ন সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ নেই। এটি একটি আধুনিক কৌশলগত অংশীদারত্বে পরিণত হয়েছে, যা বিশ্বে বাংলাদেশের ক্রমবর্ধমান ভূমিকার প্রতিফলন।তিনি আরও বলেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাজ্য এমন একটি উত্তরণে সহযোগিতা করতে চায়, যা হবে নির্বিঘ্ন ও দীর্ঘমেয়াদে টেকসই।রোহিঙ্গা সংকট নিয়েও কথা বলেন ব্রিটিশ হাইকমিশনার। তিনি বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মিয়ানমার বিষয়ে নেতৃত্বদানকারী দেশ হিসেবে যুক্তরাজ্য আন্তর্জাতিক পদক্ষেপ ও জবাবদিহির জন্য কাজ করছে। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান হলো পরিস্থিতি অনুকূল হলে তাদের স্বেচ্ছায়, নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে মিয়ানমারে ফিরে যাওয়া। এ ছাড়া জলবায়ু অর্থায়ন বাড়ানো এবং উচ্চমানের কার্বন বাজার গড়ে তুলতে বাংলাদেশের সঙ্গে কাজ করার কথাও জানান সারাহ কুক।সূত্র: চ্যানেল ২৪