• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই আশ্বিন ১৪৩৩ বিকাল ০৪:৩২:৪৪ (25-Sep-2026)
  • - ৩৩° সে:
সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধারে সরকার আন্তরিকভাবে কাজ করছে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধারে সরকার আন্তরিকভাবে কাজ করছে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, বিগত ফ্যাসিবাদী সময়ে ধ্বংস হওয়া দেশীয় সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধারে সরকার আন্তরিকভাবে কাজ করছে। শিল্প-সাহিত্য ও সংস্কৃতিকে পুনরায় বাংলাদেশপন্থার কাছে ফিরিয়ে আনতে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে।২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাংলা একাডেমির আল মাহমুদ লেখক কর্নারে শিশু-কিশোর সাময়িকী ‘শিশুবিচিত্রা’-এর সূচনা সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।আবৃত্তিশিল্পী ওয়ালিজা বিনতে শামসের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিশুবিচিত্রার সম্পাদক ও শিশুসাহিত্যিক গাজী তানভীর আহমদ। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ।এছাড়া বিশেষ অতিথি হিসেবে শিশুসাহিত্যিক ও কবি জাকির আবু জাফর, শিশু গবেষক ও লেখক ফারহানা মান্নান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল হক এবং শিশুবিচিত্রার উপদেষ্টা ও সাংবাদিক আবিদ আজম উপস্থিত ছিলেন ।অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের মানসিক বিকাশ, নৈতিক মূল্যবোধ ও সৃজনশীল চিন্তাকে বিকশিত করতে মানসম্মত শিশুসাহিত্যের বিকল্প নেই। প্রযুক্তিনির্ভর এ সময়ে শিশুদের বইমুখী ও সাহিত্যনির্ভর করে তুলতে ‘শিশুবিচিত্রা’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।তারা আরও বলেন, একটি শিশুর কল্পনার জগৎ যত সমৃদ্ধ হবে, তার ভবিষ্যৎ  সৃষ্টিশীলতাও তত বিস্তৃত হবে।তাই শিশুদের উপযোগী আনন্দদায়ক, শিক্ষামূলক ও সৃজনশীল সাহিত্যচর্চার ক্ষেত্র তৈরি করা সময়ের গুরুত্বপূর্ণ দাবি।মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির পরিচালক ড. তপন কুমার বাগচী, কথাসাহিত্যিক মনি হায়দার, চলচ্চিত্র পরিচালক গাজী মাহবুব, চলচ্চিত্র পরিচালক ও লেখক গাজী জাহাঙ্গীর, শিশুসাহিত্যিক ইমরুল ইউসুফ, কবি আলম শামস এবং শিশুগ্রন্থ প্রকাশক দেওয়ান আজিজ।