• ঢাকা
  • |
  • সোমবার ১লা আষাঢ় ১৪৩৩ সকাল ১০:১১:২১ (15-Jun-2026)
  • - ৩৩° সে:
জাতিসংঘের ‘দাগ হ্যামারশোল্ড মেডেল’ পাচ্ছেন বাংলাদেশের ৬ বীর শান্তিরক্ষী

জাতিসংঘের ‘দাগ হ্যামারশোল্ড মেডেল’ পাচ্ছেন বাংলাদেশের ৬ বীর শান্তিরক্ষী

ডেস্ক রিপোর্ট: বিশ্বশান্তি প্রতিষ্ঠায় দায়িত্ব পালনকালে আত্মোৎসর্গকারী বাংলাদেশের ছয় শান্তিরক্ষীকে মরণোত্তর ‘দাগ হ্যামারশোল্ড মেডেল’ প্রদান করবে জাতিসংঘ। আগামী ৫ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস’ উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে এই সম্মাননা তুলে দেবেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।এ বছর দায়িত্ব পালনকালে প্রাণ হারানো ৬৮ জন সামরিক, পুলিশ ও বেসামরিক শান্তিরক্ষীকে মরণোত্তর এই পদক দেওয়া হবে। তাদের মধ্যে ৫৯ জন গত বছর নিহত হয়েছেন। সম্মাননা পাওয়া ব্যক্তিদের তালিকায় রয়েছেন বাংলাদেশের ছয় শান্তিরক্ষীও।মরণোত্তর ‘দাগ হ্যামারশোল্ড মেডেল’ পাওয়া বাংলাদেশি শান্তিরক্ষীরা হলেন— প্রাইভেট মো. জাহাঙ্গীর আলম, প্রাইভেট মো. সবুজ মিয়া, কর্পোরাল মো. মাসুদ রানা, প্রাইভেট মো. মোমিনুল ইসলাম, প্রাইভেট শামীম রেজা এবং প্রাইভেট শান্ত মণ্ডল।তারা ২০২৫ সালের ১৩ ডিসেম্বর আবিয়েই অঞ্চলে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনীতে কর্মরত অবস্থায় একটি ড্রোন হামলায় নিহত হন।বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সদস্য প্রেরণকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ চতুর্থ বৃহত্তম অবদানকারী। বিভিন্ন মিশনে চার হাজারের বেশি বাংলাদেশি সামরিক ও পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।সূত্র: ইউএনবি