• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ০১:১২:০৮ (28-Nov-2026)
  • - ৩৩° সে:
লেজার অস্ত্র দিয়ে রুশ ড্রোন ভূপাতিত করল ইউক্রেন

লেজার অস্ত্র দিয়ে রুশ ড্রোন ভূপাতিত করল ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক: প্রথমবারের মতো লেজার অস্ত্র ব্যবহার করে রাশিয়ার একটি জেটচালিত ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। দেশটির রাষ্ট্রীয় সহায়তাপুষ্ট প্রতিরক্ষা প্রযুক্তি সংস্থা ব্রেভ১ ২৭ নভেম্বর শুক্রবার এ তথ্য জানিয়েছে।ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা সেরহি বেস্করেস্তনভ চলতি সপ্তাহের শুরুতে একটি ভিডিও প্রকাশ করেন। এতে আকাশ থেকে আগুনের গোলা হয়ে একটি লক্ষ্যবস্তুকে নিচে আছড়ে পড়তে দেখা যায়। তিনি জানান, লেজার ব্যবস্থার সাহায্যে রাশিয়ার ‘গেরান’ জেটচালিত ড্রোনটি ভূপাতিত করা হয়েছে।কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।ব্রেভ১ জানায়, সম্প্রতি অনলাইনে প্রকাশিত ভিডিওতে ইউক্রেনের একটি লেজার প্রতিরক্ষা ব্যবস্থাকে শত্রুপক্ষের জেটচালিত ড্রোন ধ্বংস করতে দেখা গেছে। ব্রেভ১-এর অনুদানপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান অস্ত্রটি তৈরি করেছে। এটি পরিচালনা করেছে বেসরকারি একটি আকাশ প্রতিরক্ষা দল।অস্ত্রটির নাম ‘ব্লিস্ক’। এটি তৈরি করেছে ইউক্রেনীয় প্রতিষ্ঠান কারমাইন স্কাই। জেলেনস্কির উপদেষ্টা বেস্করেস্তনভ জানান, গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তায় নিয়োজিত থাকার সময় ব্যবস্থাটি ড্রোনটি ভূপাতিত করে।তবে ব্রেভ১ সতর্ক করে বলেছে, ‘প্রথমবারের মতো সফলভাবে ড্রোন ভূপাতিত করতে পারার অর্থ এই নয় যে, প্রযুক্তিটি ব্যাপকভাবে ব্যবহারের জন্য প্রস্তুত।’সংস্থাটি বলেছে, ‘লেজারভিত্তিক আকাশ প্রতিরক্ষা এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।’ ইউক্রেনে বর্তমানে অন্তত সাতটি দল লেজার অস্ত্র তৈরির কাজ করছে বলেও জানায় তারা।ইউক্রেনীয় কর্মকর্তাদের দাবি, এটি জেটচালিত গেরান ড্রোন ভূপাতিত করার ক্ষেত্রে প্রথম ঘটনা। তবে এ দাবির স্বাধীন কোনো যাচাইয়ের তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে প্রযুক্তিটির ব্যাপক উৎপাদন নিয়েও এখনই সিদ্ধান্তে পৌঁছানোর সময় আসেনি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।যুদ্ধ শুরুর পর থেকে প্রায় প্রতিদিনই রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হচ্ছে ইউক্রেন। সাম্প্রতিক মাসগুলোতে মস্কো জেটচালিত ড্রোনের ব্যবহার বাড়িয়েছে। আগের মডেলগুলোর তুলনায় এসব ড্রোন দ্রুতগতির এবং ভূপাতিত করাও কঠিন।ব্রেভ১-এর তথ্য অনুযায়ী, ১৯৭০-এর দশক থেকেই লেজার অস্ত্র তৈরির কাজ চলছে। তবে মাত্র কয়েকটি দেশ এ প্রযুক্তি কার্যকরভাবে ব্যবহার করছে। আকাশে উড়ন্ত লক্ষ্যবস্তু লেজার প্রযুক্তি দিয়ে সফলভাবে ভূপাতিত করার ঘটনা এখনো বিরল।এটিভি/এসআইআর