জুলাইয়ে দেশে এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলারের রেমিট্যান্স
ডেস্ক রিপোর্ট: ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে এসেছে ২৮৫ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স। বর্তমান বিনিময় হার অনুযায়ী, যার পরিমাণ প্রায় ৩৫ হাজার ৪০০ কোটি টাকা।২ আগস্ট রোববার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাইয়ে দেশে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স। সে হিসাবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১৫ দশমিক ৪ শতাংশ।এর আগের মাস, অর্থাৎ ২০২৫-২৬ অর্থবছরের শেষ মাস জুনে দেশে এসেছিল ২৮২ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স। সেই তুলনায় জুলাই মাসেও প্রবাসী আয়ের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে।বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে (জুলাই-জুন) বৈধ চ্যানেলে দেশে মোট ৩ হাজার ৫৫৯ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরে এ পরিমাণ ছিল ৩ হাজার ৩২ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ৫২৬ কোটি ডলার বা ১৭ দশমিক ৩ শতাংশ। এক অর্থবছরে এটিই দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণের রেকর্ড।বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মতে, হুন্ডি প্রতিরোধে সরকারের বিভিন্ন উদ্যোগ, প্রবাসীদের জন্য প্রণোদনা, ব্যাংকিং সেবার সম্প্রসারণ এবং বৈধ চ্যানেলে অর্থ পাঠানোর সুযোগ বাড়ার ফলে রেমিট্যান্স প্রবাহ ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে।