• ঢাকা
  • |
  • সোমবার ২২শে আষাঢ় ১৪৩৩ সকাল ১১:৫২:৩৬ (06-Jul-2026)
  • - ৩৩° সে:
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জামায়াতের দুই রুকন বহিষ্কার

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জামায়াতের দুই রুকন বহিষ্কার

ডেস্ক রিপোর্ট: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মুন্সীগঞ্জ জেলার দুই সদস্যের (রুকন) সদস্যপদ বাতিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ৫ জুলাই রোববার দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বহিষ্কৃতরা হলেন—মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার সাবেক রশুনিয়া ইউনিয়ন আমির ও জামায়াতের রুকন মাওলানা মনির হোসেন এবং সদর উপজেলার রুকন আমিনুল ইসলাম নাসির।বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াতের আমির তাদের রুকন পদ বাতিল করেছেন। ফলে তারা বর্তমানে দলটির কোনো পর্যায়ের পদে নেই এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্যও নন।দলীয় সূত্র জানায়, নৈতিক স্খলন, সংগঠনের মধ্যে বিভেদ সৃষ্টি এবং জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে তাদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।মাওলানা মনির হোসেন দীর্ঘদিন সিরাজদীখান উপজেলার রশুনিয়া ইউনিয়ন জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিরাজদীখান উপজেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন।গত বছরের জাতীয় সংসদ নির্বাচন চলাকালে ১৪ ডিসেম্বর তিনি বিএনপির মনোনীত প্রার্থী, বর্তমান মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহর হাতে ধানের শীষ প্রতীক তুলে নিয়ে বিএনপিতে যোগদানের ঘোষণা দেন। এরপর থেকেই তার কর্মকাণ্ড নিয়ে দলের ভেতরে প্রশ্ন ওঠে।মুন্সীগঞ্জ-১ (সিরাজদীখান-শ্রীনগর) আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা সেক্রেটারি এ কে এম ফখরুদ্দীন রাজি বলেন, নির্বাচনকালীন সময়ে মাওলানা মনির হোসেনের কর্মকাণ্ড সাংগঠনিকভাবে প্রশ্নবিদ্ধ হওয়ায় তার দায়িত্ব স্থগিত করে বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বকে জানানো হয়েছিল। এরপর থেকেই তিনি কার্যত দলের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ছিলেন না।তিনি আরও বলেন, কেন্দ্রীয় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে আনুষ্ঠানিকভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দেশজুড়ে যাদের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।সূত্র: কালবেলা