• ঢাকা
  • |
  • রবিবার ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৯:৫৬:৫১ (22-Nov-2026)
  • - ৩৩° সে:
আজ থেকে সুন্দরবনের দুবলার চরে রাস পূর্ণিমার উৎসব শুরু

আজ থেকে সুন্দরবনের দুবলার চরে রাস পূর্ণিমার উৎসব শুরু

ডেস্ক রিপোর্ট: সুন্দরবনের দুবলার চরে আজ ২২ নভেম্বর রোববার থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস পূর্ণিমার তিন দিনব্যাপী পূজা ও পুণ্যস্নান। দেশের বিভিন্ন স্থান থেকে পুণ্যার্থীরা এ ধর্মীয় আয়োজনে অংশ নিতে দুবলার চরে যাচ্ছেন। আগামী ২৪ নভেম্বর ভোরে সাগরের প্রথম জোয়ারে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হবে এবারের আয়োজন।তবে সুন্দরবনের জীববৈচিত্র্য ও পরিবেশ সুরক্ষার কথা বিবেচনায় এবারও ঐতিহ্যবাহী রাসমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে না। শুধু সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীরাই নির্ধারিত নিয়ম মেনে এ আয়োজনে অংশ নিতে পারবেন।বন বিভাগ সূত্রে জানা গেছে, পুণ্যার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পাঁচটি নৌপথ নির্ধারণ করা হয়েছে। এসব পথে লঞ্চ, ট্রলার, স্পিডবোট ও দেশি নৌকায় দুবলার চরে যাওয়া যাবে।পশ্চিম সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এ জেড এম হাছানুর রহমান জানান, ২২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত তিন দিনের জন্য বন বিভাগ অনুমতিপত্র দেবে। নির্ধারিত পাঁচটি নৌপথের যেকোনো একটি ব্যবহার করে পুণ্যার্থীদের যাতায়াত করতে হবে।নির্ধারিত নৌপথগুলো হলো—১. বুড়িগোয়ালিনী-কোবাডাক নৌপথ: বাতুলা নদী, বল নদী, পাটকোস্টা খাল ও হংসরাজ নদী হয়ে দুবলার চর।২. কয়রা-কাশিয়াবাদ নৌপথ: খাসিটানা, বাজবাজা, আরুয়া শিবসা, শিবসা নদী ও মারজাত হয়ে দুবলার চর।৩. নলিয়ান নৌপথ: শিবসা ও মারজাত নদী হয়ে দুবলার চর।৪. ঢাংমারী বা চাঁদপাই নৌপথ: তিনকোনা দ্বীপ ও পশুর নদী হয়ে দুবলার চর।৫. বগী-বলেশ্বর নৌপথ: সুন্দরবনের বাইরে দিয়ে সুপতি, কচিখালী ও শেলার চর হয়ে দুবলার চর।পুণ্যার্থীদের যাতায়াতের নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্ট গার্ডের টহল দল দায়িত্ব পালন করবে।বন বিভাগের নির্দেশনা অনুযায়ী, ২২ নভেম্বর দিনের বেলায় ভাটার সময় নৌযাত্রা শুরু করতে হবে। নির্ধারিত নৌপথে শুধু দিনের বেলায় চলাচল করা যাবে। বন বিভাগের তল্লাশিচৌকি ছাড়া অন্য কোথাও লঞ্চ, ট্রলার ও নৌকা থামানো যাবে না।অনুমতিপত্র সংগ্রহের জন্য আবেদনকারীদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনুলিপি জমা দিতে হবে। সরকারি বিধি অনুযায়ী নৌযানের প্রবেশ ও নোঙর করার ফি এবং যাত্রীর সংখ্যার ভিত্তিতে অন্যান্য প্রযোজ্য ফি পরিশোধ করতে হবে। প্রতিটি অনুমতিপত্রে সরকারি সিলসহ অনুমোদিত নৌপথের নাম উল্লেখ থাকবে।প্রতিটি নৌযানে পর্যাপ্তসংখ্যক লাইফ জ্যাকেট অথবা লাইফবয়া রাখতে হবে। নৌযানের গায়ে রং বা স্টিকারের মাধ্যমে নিবন্ধন নম্বর কিংবা ক্রমিক নম্বর এবং যাত্রী ধারণক্ষমতা প্রদর্শন করতে হবে। সুন্দরবনে প্রবেশের সময় প্রত্যেক পুণ্যার্থীকে টিকিট বা টোকেন দেওয়া হবে, যা অবস্থানকালে সঙ্গে রাখতে হবে।এ ছাড়া সব নৌযানকে আলোরকোলে স্থাপিত নিয়ন্ত্রণকক্ষে রিপোর্ট করতে হবে। নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।উৎসব চলাকালে সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র বহন বা ব্যবহার নিষিদ্ধ করেছে বন বিভাগ। হরিণ ধরার ফাঁদ, গাছ কাটার কাজে ব্যবহৃত দড়ি, কুড়াল ও করাতসহ অবৈধ সামগ্রী বহন করলেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।প্লাস্টিকের প্লেট, পানির বোতল, গ্লাস ও চামচসহ একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকসামগ্রী বহন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে নৌযান ও পুণ্যস্নানের স্থানে উচ্চ শব্দে মাইক্রোফোনে গান বাজানো, পটকা ফোটানো, আতশবাজি পোড়ানো এবং শব্দদূষণ সৃষ্টিকারী কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে।সুন্দরবনে প্রবেশের সময় পুণ্যার্থীদের মূল এনআইডি কার্ড অথবা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দেওয়া সনদ সঙ্গে রাখতে হবে। নির্ধারিত ফি পরিশোধ করে অনুমতিপত্র সংগ্রহের পাশাপাশি বন বিভাগের সব নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন ডিএফও এ জেড এম হাছানুর রহমান।গত ৮ নভেম্বর খুলনায় পশ্চিম বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ।এটিভি/এসআইআর