রাস-পূর্ণিমায় কুয়াকাটায় বসছে মতুয়া ভক্তদের মিলন মেলা
বরিশাল প্রতিনিধি: পবিত্র রাস-পূর্ণিমা উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটায় বসতে যাচ্ছে মতুয়া ভক্ত ও অনুসারীদের মিলন মেলা। আগামী ২৩ নভেম্বর সোমবার কুয়াকাটা সরকারি পর্যটন কেন্দ্রে অনুষ্ঠিত হবে ২২তম ঐতিহাসিক মতুয়া মহাসম্মেলন ও পুণ্যস্নান-২০২৬।ইন্টারন্যাশনাল শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। আলোকিত অতিথি ও প্রধান বক্তা হিসেবে থাকবেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি শ্রী স্নেহাংশু সরকার কুট্টি।অনুষ্ঠানের উদ্বোধন করবেন কেন্দ্রীয় ইন্টারন্যাশনাল শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের সভাপতি ও মহা মতুয়াচার্য শ্রী সুপতি ঠাকুর (শিবু)। মূল বক্তা হিসেবে বক্তব্য রাখবেন মিশনের সিনেট কমিটির চেয়ারম্যান ড. গোকুল চন্দ্র বিশ্বাস ও সদস্য ড. সঞ্জয় কুমার দাস। এছাড়া দেশ-বিদেশের মতুয়া ধর্মীয় নেতৃবৃন্দ, সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ভক্ত-অনুসারীরা উপস্থিত থাকবেন।আয়োজকরা জানান, বিশ্বের ৬১টি দেশে কার্যক্রম পরিচালনাকারী এ সংগঠনের উদ্যোগে এবং গোপালগঞ্জের শ্রীধাম ওড়াকান্দির সংশ্লিষ্ট নেতৃত্বের সহযোগিতায় সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে দেশ-বিদেশ থেকে বিপুলসংখ্যক মতুয়া ভক্ত ও ধর্মপ্রাণ মানুষের সমাগমের আশা করা হচ্ছে।শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর ও শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরের আদর্শ ও মতুয়া ধর্মীয় ভাবধারা প্রচার এবং ভক্তদের মধ্যে সম্প্রীতি ও ঐক্য সুদৃঢ় করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন আয়োজকরা। এ উপলক্ষে সবাইকে সবান্ধবে সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।এটিভি/ এইচকে