• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে কার্তিক ১৪৩৩ সকাল ০৮:৫২:১৪ (11-Nov-2026)
  • - ৩৩° সে:
প্রতিপক্ষের গুলিতে আহত ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষী

প্রতিপক্ষের গুলিতে আহত ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষী

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের বাঘপত জেলায় দীপাবলির রাতে আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে বিরোধের জেরে রাষ্ট্রপতির দেহরক্ষী বাহিনীর এক সদস্যকে গুলি করা হয়েছে। ১১ নভেম্বর বুধবার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।আহত সেনাসদস্যের নাম সৌরভ তোমার। ২৬ বছর বয়সী এই সেনাসদস্য বর্তমানে মিরাটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানা গেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীপাবলি উপলক্ষে সৌরভ তার দুই ভাই বিনীত ও মিন্টুকে নিয়ে বাড়ির বাইরে আতশবাজি ফোটাচ্ছিলেন। এ সময় স্থানীয় দুই ব্যক্তির সঙ্গে তাদের কথা-কাটাকাটি শুরু হয়।একপর্যায়ে বিরোধ সহিংসতায় রূপ নেয়। এসময় ধীরাজ এক ব্যক্তি পিস্তল বের করে গুলি চালান। গুলিটি প্রথমে একটি দেয়ালে লাগে। পরে আরেকটি গুলি সৌরভের কানের ঠিক পেছনে মাথায় আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।এ সময় ধীরাজের ভাই লাঠি নিয়ে বিনীতের ওপর হামলা চালান। অন্যদিকে সংঘর্ষের মধ্যে মিন্টু মনু ওরফে প্রবীণকে লাঠি দিয়ে আঘাত করেন। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দুই পক্ষের মধ্যে আগে থেকেই পরিচয় ও সুসম্পর্ক ছিল। তবে প্রায় দুই মাস আগেও তাদের মধ্যে ছোটখাটো বিরোধ হয়েছিল।২০২১ সালে সেনাবাহিনীতে যোগ দেওয়া সৌরভ বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর অন্যতম প্রাচীন ও জ্যেষ্ঠ অশ্বারোহী রেজিমেন্ট রাষ্ট্রপতির দেহরক্ষী বাহিনীতে কর্মরত। তিনি রাষ্ট্রপতি ভবনে দায়িত্ব পালন করেন। পরিবারের সঙ্গে দীপাবলি উদ্‌যাপন করতে ছুটিতে নিজ গ্রামে এসেছিলেন তিনি।ঘটনার পর পরিবারের সদস্যরা সৌরভকে প্রথমে বারৌতের কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। পরে তাকে মিরাট মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সিদ্ধান্তে সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।চিকিৎসকদের অস্ত্রোপচারে তার মাথা থেকে গুলি বের করা হয়েছে। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।এদিকে, সৌরভের বাবা জনক রাজ জরুরি হেল্পলাইনে ফোন করে পুলিশকে ঘটনাটি জানান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। বারৌতের সার্কেল অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপারসহ পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।জনক রাজের লিখিত অভিযোগের ভিত্তিতে ধীরাজ ও মনু ওরফে প্রবীণের বিরুদ্ধে মামলা (এফআইআর) নথিভুক্ত করা হয়েছে। পলাতক অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।এটিভি/এসআইআর