বাহরাইনে মার্কিন রাডারে হামলা চালিয়ে পাল্টা জবাব দিল ইরান
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের হরমোজগান প্রদেশের সিরিক শহরে টেলিযোগাযোগ টাওয়ারে হামলার জবাবে বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কতামূলক রাডার লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।১২ নভেম্বর বৃহস্পতিবার ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।আইআরজিসির বরাত দিয়ে তাসনিম জানায়, ‘এটি আগ্রাসী শত্রুর প্রতি একটি কঠোর সতর্কবার্তা। তাদের আকাশপথে উস্কানিমূলক তৎপরতা এবং হরমুজ প্রণালি দিয়ে তেল পাচার বন্ধ করতে হবে। এসব লঙ্ঘন ও আগ্রাসী কর্মকাণ্ডের পুনরাবৃত্তি হলে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স কোনো সীমাবদ্ধতা ছাড়াই পাল্টা ব্যবস্থা নিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।’অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে দেশটির সরকারি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার হরমোজগান প্রদেশের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিকে ‘শত্রুপক্ষের গোলাবর্ষণে’ হামলা চালানো হয়েছে।আইআরজিসির এই দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র ও বাহরাইন তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। হামলায় রাডারটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়েও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। হামলার দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার মধ্য দিয়ে সংঘাত শুরু হয়। ওই হামলায় ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হয়। জবাবে ইরান ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।প্রায় দেড় মাসের সংঘাতের পর ৭ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে আলোচনা শুরু হলেও পরবর্তী সময়ে সমঝোতা ভেঙে যায়। জুলাইয়ে আবারও সংঘাত শুরু হয়।এরপর থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হওয়ায় হরমুজ প্রণালিকে ঘিরে বিরোধের প্রভাব আন্তর্জাতিক জ্বালানি বাজারেও পড়ছে।এদিকে সংঘাত নিরসনে কাতার, পাকিস্তানসহ কয়েকটি দেশ কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। তবে দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে মতপার্থক্য থাকায় উত্তেজনা কমার কোনো স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে না।এটিভি/এসআইআর