রমজান শুরুর তারিখ জানাল গালফ নিউজ
ডেস্ক রিপোর্ট: বছর ঘুরে আবারও আসছে পবিত্র রমজান মাস। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে পবিত্র রমজান শুরু হতে পারে। তবে রমজান ও ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ নির্ভর করবে চাঁদ দেখার ওপর।সম্প্রতি মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, হিজরি বর্ষপঞ্জি চন্দ্রভিত্তিক হওয়ায় প্রতিবছর রমজান প্রায় ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে। সেই ধারাবাহিকতায় ২০২৭ সালে আগের বছরের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন আগে শুরু হতে পারে পবিত্র রমজান।জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যেতে পারে। সে ক্ষেত্রে ওই রাতে প্রথম তারাবির নামাজ আদায় করবেন মুসল্লিরা। পরদিন ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে রোজা। তবে চাঁদ দেখার ওপর ভিত্তি করেই চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।সাধারণত রমজান মাস ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে। শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে উদ্যাপিত হয় পবিত্র ঈদুল ফিতর। বর্তমান পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ (বুধবার) ঈদুল ফিতর হতে পারে।ইসলামী বর্ষপঞ্জির নবম মাস রমজান মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ। এ মাসেই মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কোরআন নাজিল শুরু হয়। রমজানে মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও ধূমপান থেকে বিরত থেকে রোজা পালন করেন। পাশাপাশি নামাজ, কোরআন তিলাওয়াত, দান-সদকা ও আত্মসংযমের ওপর বিশেষ গুরুত্ব দেন।২০২৭ সালের রমজানকে সামনে রেখে মুসলিম দেশগুলোতে মসজিদ ও জনসেবামূলক কার্যক্রমের প্রস্তুতি নেওয়া হবে। একই সঙ্গে ধর্মীয় কর্তৃপক্ষ চাঁদ দেখার আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে রমজান শুরুর তারিখ ঘোষণা করবে।এটিভি/এসআইআর