চীন ইরানকে কোনো অস্ত্র দেবে না: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে আশ্বস্ত করেছেন যে বেইজিং ইরানকে কোনো ধরনের সামরিক সরঞ্জাম বা অস্ত্র সরবরাহ করবে না।১৪ মে বৃহস্পতিবার বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ দাবি করেন। তিনি বলেন, চীনা প্রেসিডেন্ট স্পষ্টভাবে জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে ইরানকে অস্ত্র দেওয়ার কোনো পরিকল্পনা নেই।ট্রাম্প বলেন, বৈঠকটি ‘ইতিবাচক’ হয়েছে এবং ইরান ইস্যুসহ বিভিন্ন কৌশলগত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো আগে আশঙ্কা করেছিল যে চীন তৃতীয় কোনো দেশের মাধ্যমে ইরানকে সামরিক সহায়তা দিতে পারে। তবে শি জিনপিং সেই অভিযোগ নাকচ করেছেন।তিনি আরও জানান, চীন ইরানের তেল কেনা অব্যাহত রাখতে পারে এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো আপত্তি জানায়নি বলেও তিনি ইঙ্গিত দেন।বৈঠকে বাণিজ্য ইস্যুতেও অগ্রগতি হয়েছে বলে দাবি করেন ট্রাম্প। তার মতে, চীন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২০০টি বোয়িং বিমান কেনার প্রতিশ্রুতি দিয়েছে এবং কৃষিপণ্য বিশেষ করে সয়াবিন ও পোল্ট্রি আমদানিতেও সম্মত হয়েছে।তবে এই সফরের মধ্যেই তাইওয়ান ইস্যুতে দুই দেশের মধ্যে উত্তেজনা বজায় রয়েছে। শি জিনপিং এ বিষয়ে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে সতর্কবার্তা দিয়েছেন বলে জানা গেছে।সূত্র: দ্য টেলিগ্রাফ।