• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ০২:৫৭:৪৫ (10-Jun-2026)
  • - ৩৩° সে:
ইরানে ধ্বংসস্তূপ থেকে ৭,২০০ জনকে জীবিত উদ্ধার

ইরানে ধ্বংসস্তূপ থেকে ৭,২০০ জনকে জীবিত উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে সাত হাজার ২০০ জন মানুষকে জীবিত উদ্ধারের তথ্য জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি (আইআরসিএস)। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে দেশটিতে চালানো ভয়াবহ হামলায় সংস্থাটির কর্মী ও স্বেচ্ছাসেবকদের সাহসিকতাপূর্ণ উদ্ধার তৎপরতার বেশ কিছু ভিডিও এবারই প্রথম প্রকাশ্যে আনা হয়েছে।কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।আইআরসিএস-এর প্রকাশ করা ভিডিওগুলোতে দেখা যায়, দফায় দফায় চালানো বোমা হামলায় বহুতল আবাসিক ভবনসহ বিভিন্ন স্থাপনা সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কংক্রিটের চাঁই ও ধুলোবালির মধ্য থেকে রক্তাক্ত ও ধুলোমাখা মানুষকে টেনে বের করে আনছেন উদ্ধারকর্মীরা।সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়: ‘গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু করে ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হওয়া পর্যন্ত—পুরো যুদ্ধকালীন সময়ে আইআরসিএস-এর ত্রাণকর্মীরা দিনরাত কাজ করেছেন। এই সময়ের মধ্যে ধ্বংসস্তূপের নিচ থেকে ৭ হাজার ২০০-এরও বেশি মানুষকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন তারা।’বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির আগের এই সময়টাতে ইরানের বিভিন্ন বেসামরিক ও কৌশলগত স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালায় মার্কিন ও ইসরায়েলি বাহিনী। এতে বিপুল পরিমাণ অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ও মানবিক সংকটের সৃষ্টি হয়। আন্তর্জাতিক এই রেড ক্রিসেন্ট সোসাইটির সময়োচিত ও রুদ্ধশ্বাস উদ্ধার অভিযানের কারণেই হাজার হাজার মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।সূত্র: আল জাজিরা