• ঢাকা
  • |
  • বুধবার ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৫:৫২:২৬ (25-Nov-2026)
  • - ৩৩° সে:
নারায়ণগঞ্জের ৭ খুনের পেছনে আর্থিক সংশ্লেষ, ফ্ল্যাট ও ব্যবসা

নারায়ণগঞ্জের ৭ খুনের পেছনে আর্থিক সংশ্লেষ, ফ্ল্যাট ও ব্যবসা

অনলাইন ডেস্ক: আলোচিত নারায়ণগঞ্জের ৭ খুনের পেছনে ৫-৬ কোটি টাকার আর্থিক সংশ্লেষ, একটি ফ্ল্যাট বাড়ি ও কয়লার ব্যবসার বিষয় উঠে এসেছে।এই মামলায় হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের প্রথম দিনের শুনানি শেষে সাংবাদিকদের বিষয়টি জানান অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। আপিল শুনানি শেষে হাইকোর্টের দেওয়া রায়টি বহাল থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।২৫ নভেম্বর বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ বেঞ্চে আপিল শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। আগামীকাল ২৬ নভেম্বর বৃহস্পতিবার এই আপিলের পরবর্তী দিনের শুনানি শুরু হবে।উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জের লিংক রোড থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলামসহ ৫ জনকে অপহরণ করা হয়।বিষয়টি দেখে ফেলায় অপহরণের শিকার হন আইনজীবী চন্দন সরকার ও তার গাড়িচালক মো. ইব্রাহিম। এর ৩ দিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠে ছয়টি লাশ, পরদিন পাওয়া যায় আরেকটি লাশ। নজরুল, চন্দন ও ইব্রাহিম ছাড়া হত্যার শিকার অন্য ব্যক্তিরা হলেন- নজরুলের বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন ও গাড়িচালক জাহাঙ্গীর আলম।২০১৭ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত ৭ খুনের মামলায় র‌্যাব-১১-এর সাবেক তিন কর্মকর্তা (অব্যাহতিপ্রাপ্ত) লে. কর্নেল তারেক সাঈদ, মেজর আরিফ হোসেন, কমান্ডার এম এম রানা, বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেনসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড ও ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন দণ্ডিত ব্যক্তিরা। পরবর্তীতে হাইকোর্ট ১৫ আসামির মৃত্যুদণ্ডাদেশ বহাল ও অপর ১১ আসামির দণ্ড পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এ ছাড়া বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ পাওয়া ৯ আসামির দণ্ড বহাল থাকে। পরবর্তীতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দণ্ডিত আসামিরা আপিল করেন।এটিভি/এসটিও