• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৩শে আশ্বিন ১৪৩৩ রাত ০৯:১০:০৭ (08-Oct-2026)
  • - ৩৩° সে:
ওসমানী স্বর্ণপদক পেলেন বিমান বাহিনী একাডেমির মেধাবী কর্মকর্তারা

ওসমানী স্বর্ণপদক পেলেন বিমান বাহিনী একাডেমির মেধাবী কর্মকর্তারা

অনলাইন ডেস্ক: বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি, যশোরে বিএসসি (অনার্স) ইন অ্যারোনটিক্স ও বিবিএ প্রোগ্রামে সর্বোচ্চ একাডেমিক কৃতিত্ব অর্জনকারী কর্মকর্তাদের ওসমানী স্বর্ণপদক ও সনদপত্র দেওয়া হয়েছে।৮ অক্টোবর বৃহস্পতিবার একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে এসব পদক ও সনদ তুলে দেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ৮১, ৮২, ৮৩, ৮৪, ৮৫ ও ৮৬ বাফা (বিএএফএ) কোর্সের কর্মকর্তাদের হাতে পদক ও সনদ তুলে দেন।পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বিমান বাহিনী প্রধান বলেন, একাডেমিক উৎকর্ষ একজন কর্মকর্তার পেশাগত জীবনের শক্তিশালী ভিত্তি তৈরি করে। তিনি বলেন, ‘জ্ঞানার্জনের কোনো শেষ নেই। সময়ের সঙ্গে অর্জিত জ্ঞান প্রজ্ঞায় রূপ নেয়, যা সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে।’তরুণ কর্মকর্তাদের সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সর্বোচ্চ মান ধরে রাখার আহ্বান জানান বিমান বাহিনী প্রধান। অর্জিত জ্ঞান কর্মক্ষেত্রে যথাযথভাবে প্রয়োগের ওপরও তিনি গুরুত্ব দেন।দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে মানবিক সহায়তা এবং আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ বিমান বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে উল্লেখ করেন তিনি। এসব দায়িত্ব ঠিকভাবে পালনে উচ্চমানের প্রশিক্ষণ, কঠোর শৃঙ্খলা ও পেশাদারিত্ব অপরিহার্য বলে মন্তব্য করেন তিনি। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ নেতৃত্ব গড়ে তুলতে প্রশিক্ষণ ও শিক্ষার মানোন্নয়নেও জোর দেন বিমান বাহিনী প্রধান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) ও সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন), বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের এয়ার অধিনায়ক, কমান্ড্যান্ট (ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড), ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি, বিমান বাহিনী একাডেমি’র কমান্ড্যান্ট এবং বিমান বাহিনী সদর ও ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।সূত্র: বাসস