• ঢাকা
  • |
  • শনিবার ২৪শে শ্রাবণ ১৪৩৩ দুপুর ০২:১৮:৫৮ (08-Aug-2026)
  • - ৩৩° সে:
মুসলিম ‘ঐক্য ও ভ্রাতৃত্বের’ ডাক ইরানের

মুসলিম ‘ঐক্য ও ভ্রাতৃত্বের’ ডাক ইরানের

আন্তর্জাতিক ডেস্ক: আঞ্চলিক উত্তেজনার মধ্যে মুসলিম দেশগুলোকে আরও ঐক্যবদ্ধ ও আত্মনির্ভর হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেছেন, মুসলিমরা ঐক্যবদ্ধভাবে দাঁড়ালে বহিরাগতদের তৈরি যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব।৭ আগস্ট শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় আরাঘচি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সামরিক শক্তির বিরুদ্ধে নিজেদের প্রস্তুতি, সক্ষমতা ও শক্তিমত্তার প্রমাণ দিয়েছে। একই সঙ্গে মুসলিম দেশগুলোর মধ্যে প্রকৃত ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।আরাঘচি বলেন, এখন সময় নিজেদের ওপর নির্ভর করার এবং প্রকৃত ভ্রাতৃত্বকে গ্রহণ করার। মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ থাকলে বহিরাগতদের তৈরি বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে আলোচনার বিষয়ে তেহরানের অবস্থান তুলে ধরেছেন। তিনি বলেছেন, জাতীয় স্বার্থ রক্ষায় ইরান সংলাপে প্রস্তুত। তবে দেশের সার্বভৌমত্ব ও প্রতিরক্ষা সক্ষমতা দুর্বল করে—এমন কোনো দাবি মেনে নেওয়া হবে না।অন্যদিকে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, যুক্তরাষ্ট্র নিজেদের তৈরি ‘চোরাবালিতে’ আটকা পড়েছে এবং ইরানের বিরুদ্ধে তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। সংগঠনটির দাবি, সাম্প্রতিক সংঘাত যুক্তরাষ্ট্রের কৌশলগত দুর্বলতা ও পশ্চিমা মিত্রদের মধ্যে বিভাজনকে সামনে এনেছে।ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা এবং আঞ্চলিক সংঘাতের প্রেক্ষাপটেই আরাঘচির এসব মন্তব্য এসেছে। একই সময়ে আঞ্চলিক নিরাপত্তা ও হরমুজ প্রণালি নিয়ে কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রয়েছে।সূত্র: ইরনা, মেহের নিউজ, আনাদোলু