• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে আশ্বিন ১৪৩৩ বিকাল ০৩:০২:৫২ (15-Oct-2026)
  • - ৩৩° সে:
ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা ও পরিচালক আমির খানের ভাগ্নে ইমরান খানকে অবিলম্বে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে মুম্বাই পুলিশ। ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত এক বিক্ষোভে অংশ নেওয়ায় তাকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার এ নির্দেশ দেওয়া হয়।একাংশের দাবি, ইমরানের আমেরিকার নাগরিকত্ব রয়েছে।ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিদেশী নাগরিক হয়ে রাজনৈতিক ও সামাজিক প্রতিবাদে অংশ নেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে ইমিগ্রেশন আইনের অধীনে এই প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে দেশটি।ভারতের সিইসির পদত্যাগের দাবিতে গত ১০ অক্টোবর মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে এক সমাবেশের আয়োজন করা হয়। ভোটার তালিকা সংশোধন ও তথ্য কারচুপির অভিযোগে মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধীর আহ্বানে আয়োজিত এই বিক্ষোভে যোগ দিয়েছিলেন ইমরান খান। সঙ্গে ছিলেন তার সঙ্গী ও অভিনেত্রী লেখা ওয়াশিংটন এবং চাচাতো বোন জাইন মেরি খান।সে সময় মুম্বাই পুলিশ অভিযান চালিয়ে ইমরানসহ অন্য আন্দোলনকারীদের আটক করে ভ্যানে তুলে নিয়ে যায়। অভিযোগ উঠেছে, আমেরিকার নাগরিকত্ব থাকা সত্ত্বেও ভারতের কোনো রাজনৈতিক বা সামাজিক বিক্ষোভে অংশ নিয়ে ইমিগ্রেশন আইন লঙ্ঘন করেছেন ইমরান। বিজেপির সাবেক সংসদ সদস্য ও জ্যেষ্ঠ নেতা কিরিট সোমাইয়া বিষয়টি নিয়ে মুম্বাই পুলিশের কাছে লিখিত অভিযোগ জানান এবং এই বিদেশিকে অবিলম্বে ডিপোর্ট (বহিষ্কার) করার দাবি তোলেন। সেই অভিযোগের ভিত্তিতেই ফরেনার্স আঞ্চলিক রেজিস্ট্রেশন অফিস ও মুম্বাই পুলিশ তাকে ২৮ অক্টোবরের মধ্যে দেশ ছাড়ার এই নোটিশ দিয়েছে।বলিউডে ‘জানে তু... ইয়া জানে না’ সিনেমার মাধ্যমে রাতারাতি তারকাখ্যাতি পাওয়া এই অভিনেতা জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক। ২০১১ সালে এক সাক্ষাৎকারে ইমরান নিজেই জানিয়েছিলেন, ‘আমি ভারতীয় পাসপোর্টের জন্য চেষ্টা করছি। তবে নাগরিক না হলেও সচেতনতা বাড়ানোর কাজে আমি সবসময় নিজেকে যুক্ত রাখি, কারণ আমি নিজেকে এই দেশেরই অংশ মনে করি।’ তবে পরবর্তীতে তিনি আর ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন কি না তা জানা যায়নি।অবশ্য বিক্ষোভে আটক হওয়ার পর পুলিশ ভ্যান থেকেই হাসিমুখে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ইমরান লিখেছিলেন, ‘মনে হচ্ছে আমি একটু ঘুরে আসতে যাচ্ছি!’এর আগে চলতি বছরের জুলাইয়ে ভারতে নিট পরীক্ষার অনিয়ম নিয়ে শিক্ষার্থীদের ওপর পুলিশি লাঠিচার্জের প্রতিবাদেও সরব হয়েছিলেন এই অভিনেতা।তবে দেশ ছাড়ার নির্দেশ সংক্রান্ত এই নোটিশের জবাবে ইমরান খান বা তার প্রতিনিধি এখনো আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি।সূত্র: এই সময় অনলাইন