• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই শ্রাবণ ১৪৩৩ রাত ০২:৫৭:৫৭ (29-Jul-2026)
  • - ৩৩° সে:
টানা বৃষ্টিতে মুম্বাইয়ে ভবন ধস, পাঁচ শিশুসহ নিহত ৬

টানা বৃষ্টিতে মুম্বাইয়ে ভবন ধস, পাঁচ শিশুসহ নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে টানা মৌসুমি বৃষ্টির মধ্যে একটি পুরনো ভবন ধসে পাঁচ শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।স্থানীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, মুম্বাইয়ে ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। শহরের কিছু এলাকায় ১৬১ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি রেকর্ড করা হয়েছে। ভারি বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং যোগাযোগব্যবস্থাও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।এ পরিস্থিতিতে শহরের সব স্কুল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর মধ্যেই ৬ জুলাই রোববার মানখুর্দ এলাকার একটি বস্তিতে দুই থেকে তিনটি বহুতল ভবন ধসে পড়ে। নগর কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ ঘটনায় পাঁচ শিশু ও এক নারী নিহত হয়েছেন।এদিকে টানা বর্ষণে মুম্বাই-পুনে এক্সপ্রেসওয়েতেও ভূমিধসের ঘটনা ঘটেছে। নিরাপত্তার স্বার্থে সড়কটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়ায় দুই শহরের মধ্যে যান চলাচল ব্যাহত হচ্ছে।বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে বিমান ও রেল যোগাযোগেও। ভারি বৃষ্টির কারণে বেশ কয়েকটি ফ্লাইটের সূচিতে বিঘ্ন ঘটেছে। একই সঙ্গে মুম্বাই-পুনে রুটের দূরপাল্লার কয়েকটি ট্রেনও বাতিল করা হয়েছে।