• ঢাকা
  • |
  • রবিবার ২২শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০১:০১:৫০ (06-Sep-2026)
  • - ৩৩° সে:
বিশ্বসুন্দরীর মুকুট জিতলেন জোহেইরি মোলা

বিশ্বসুন্দরীর মুকুট জিতলেন জোহেইরি মোলা

বিনোদন ডেস্ক: মিস ওয়ার্ল্ড ২০২৬-এর মুকুট জিতেছেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা দোমিঙ্গেস। স্থানীয় সময় ৫ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় ভিয়েতনামের নিয়া ট্রাং শহরে অনুষ্ঠিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ১১১ প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি এই খেতাব অর্জন করেন।গত বছরের মিস ওয়ার্ল্ড থাইল্যান্ডের ওপাল সুচাতা বিজয়ী জোহেইরি মোলার মাথায় মুকুট পরিয়ে দেন।চূড়ান্ত পর্বে জোহেইরি মোলাকে তাঁর ‘বিউটি উইথ আ পারপাস’ উদ্যোগ নিয়ে প্রশ্ন করা হয়। জানতে চাওয়া হয়, নিজ দেশে নেওয়া এই উদ্যোগকে মিস ওয়ার্ল্ড নির্বাচিত হলে কীভাবে আরও এগিয়ে নেবেন তিনি।জবাবে জোহেইরি মোলা সুবিধাবঞ্চিত শিশুদের ইংরেজি শেখানোর তাঁর উদ্যোগ ‘ভয়েস অব টুমোরো’ সম্পর্কে তুলে ধরেন। তিনি বলেন, ইংরেজি ভাষা শেখার মাধ্যমে সুবিধাবঞ্চিত এলাকার শিশুদের জন্য শিক্ষা ও কর্মসংস্থানের বড় সুযোগ তৈরি হতে পারে।তিনি আরও বলেন, ইংরেজি জানা এমন একটি দক্ষতা, যা শিশুদের সারা জীবন কাজে লাগবে এবং ভবিষ্যতে তাদের নানা সুযোগের দ্বার খুলে দিতে পারে। এই উদ্যোগকে তিনি নিজের হৃদয়ের কাছের একটি কাজ হিসেবেও উল্লেখ করেন।জোহেইরি মোলা দোমিঙ্গেস ব্যবসা ব্যবস্থাপনা ও প্রশাসন বিষয়ে উচ্চশিক্ষা নিয়েছেন। তিনি ইংরেজি সাহিত্য ও সামাজিক বিজ্ঞান পড়ান। পাশাপাশি শিক্ষার্থীদের বিশ্লেষণী চিন্তাশক্তি ও সামগ্রিক বিকাশে উৎসাহিত করেন।এর বাইরে ‘ইউনিভিশন নিউইয়র্ক’-এর সংবাদদাতা হিসেবে তিনি ডোমিনিকান সংস্কৃতি, সামাজিক সমস্যা এবং বিভিন্ন সম্প্রদায়ের জীবন ও গল্প তুলে ধরেন।সূত্র: এনডিটিভি ও ইন্ডিয়ান এক্সপ্রেস