• ঢাকা
  • |
  • রবিবার ২৫শে শ্রাবণ ১৪৩৩ দুপুর ১২:৫৮:২৩ (09-Aug-2026)
  • - ৩৩° সে:
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে পরবর্তী ধাপে যোগ দিতে পারে মিসর

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে পরবর্তী ধাপে যোগ দিতে পারে মিসর

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে পরবর্তী ধাপে মিসরসহ মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশ যুক্ত হতে পারে বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।তুরস্কের সরকারি সংবাদ সংস্থা আনাদোলুর ‘সম্পাদকীয় ডেস্ক’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ফিদান বলেন, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের লক্ষ্য হলো তিন দেশের মধ্যে সীমাবদ্ধ না রেখে এই প্রতিরক্ষা উদ্যোগের পরিধি ধীরে ধীরে বাড়ানো।তিনি বলেন, চুক্তিটি বর্তমানে তিন দেশের মধ্যে সীমাবদ্ধ থাকলেও ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী এ অঞ্চলের আরও দেশকে এর আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক উদ্যোগ এবং এর সঙ্গে কোনো ধরনের সম্প্রসারণবাদী উচ্চাকাঙ্ক্ষা জড়িত নেই।ফিদান জানান, পরবর্তী ধাপে মিসরও এই চুক্তিতে যুক্ত হতে পারে। প্রয়োজন অনুযায়ী মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশকেও ভবিষ্যতে উদ্যোগটির অংশ করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের বিরুদ্ধেই হামলা হিসেবে বিবেচনা করা হবে।তবে চুক্তিতে কোনো নির্দিষ্ট ‘অভিন্ন হুমকি’ চিহ্নিত করা হয়নি বলে জানিয়েছেন ফিদান। তিনি বলেন, চুক্তির আওতায় তিন দেশ সামরিক মহড়া ও প্রশিক্ষণ কার্যক্রমও পরিচালনা করবে।ফিদানের ভাষ্য, নতুন এই প্রতিরক্ষা উদ্যোগের মূল লক্ষ্য তিন দেশের নিরাপত্তা সহযোগিতা জোরদার করা এবং প্রয়োজনের সময় পারস্পরিক সহায়তার কাঠামো তৈরি করা।সূত্র: আল জাজিরা