তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে মিউজিয়াম উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান
ডেস্ক রিপোর্ট: তিন দিনের তুরস্ক সফরের শেষ দিনে দেশটির ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের আমন্ত্রণে মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার পর তাঁর সঙ্গে জিরো ওয়েস্ট মিউজিয়াম উদ্বোধন করেছেন বাংলাদেশের ফার্স্ট স্পাউস ডা. জুবাইদা রহমান। এ সময় বিশ্বের বিভিন্ন দেশের ফার্স্ট লেডি ও ফার্স্ট স্পাউসরা জাদুঘরটির উদ্বোধনে অংশ নেন।১২ নভেম্বর বহস্পতিবার তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ-৩১) উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জাদুঘরটির উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সহধর্মিণী এমিনে এরদোয়ানের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এ সময় অন্যান্য দেশের ফার্স্ট লেডি ও স্পাউসদের সঙ্গেও তাঁর সৌজন্য সাক্ষাৎ হয়।জিরো ওয়েস্ট মিউজিয়ামে বর্জ্য কমানো, পুনর্ব্যবহার এবং পরিবেশ সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি ও উদ্যোগ তুলে ধরা হয়েছে। প্লাস্টিক দূষণ কমানো, ব্যবহৃত সামগ্রীর পুনর্ব্যবহার এবং পরিবেশবান্ধব জীবনযাপনে মানুষকে উৎসাহিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের উদ্যোগে ২০১৭ সালে দেশটিতে ‘জিরো ওয়েস্ট’ আন্দোলন শুরু হয়। বর্জ্য উৎপাদন কমানো, পুনর্ব্যবহার বাড়ানো এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের মাধ্যমে টেকসই পরিবেশ নিশ্চিত করাই এ আন্দোলনের উদ্দেশ্য।কপ-৩১ সম্মেলনে অংশ নিতে গত মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান তিনি। সফরকালে জলবায়ু সম্মেলনকে কেন্দ্র করে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন বাংলাদেশের ফার্স্ট স্পাউস।এটিভি/ এইচকে