• ঢাকা
  • |
  • শুক্রবার ৩০শে শ্রাবণ ১৪৩৩ রাত ০৯:০৯:৪০ (14-Aug-2026)
  • - ৩৩° সে:
মা হলেন ‘মুসাফির’খ্যাত নায়িকা মারজান জেনিফা

মা হলেন ‘মুসাফির’খ্যাত নায়িকা মারজান জেনিফা

বিনোদন ডেস্ক: প্রথমবার মা হয়েছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী মারজান জেনিফা। গত ১০ আগস্ট যুক্তরাষ্ট্রে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ‘মুসাফির’খ্যাত এই নায়িকা।মারজান জেনিফা ও জোবায়ের আলম দম্পতির ঘর আলো করে এসেছে তাদের প্রথম সন্তান। মা হওয়ার সুখবর সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন মারজান জেনিফা।জানিয়েছেন, দীর্ঘ ৩২ ঘণ্টা প্রসব বেদনা সহ্য করার পর স্বাভাবিকভাবে সন্তানের জন্ম দিয়েছেন তিনি। ফেসবুকে দেওয়া আবেগঘন এক পোস্টে অভিনেত্রী লেখেন, ‘আলহামদুলিল্লাহ, ১০ আগস্ট রাত ১০টা ৩৩ মিনিটে রাজপুত্রের মা হলাম।’দীর্ঘ সময়ের প্রসববেদনার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ৩২ ঘণ্টার সেই সময় কেটেছে অসহ্য যন্ত্রণা, অপেক্ষা, দুশ্চিন্তা ও অশ্রুর মধ্য দিয়ে। একপর্যায়ে তার মনে হয়েছিল, আর হয়তো পারছেন না।তবে সন্তানকে প্রথমবার চোখের সামনে দেখা এবং বুকে জড়িয়ে ধরার পর আগের সব কষ্টই সার্থক মনে হয়েছে। মা হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে মারজান জেনিফা লেখেন, ‘একজন নারী যখন প্রথমবার নিজের সন্তানকে পৃথিবীর আলো দেখান, তখন সেই মুহূর্তে জীবনের সব কষ্ট, ভয়, দুশ্চিন্তা ও অশ্রু যেন এক নিমিষেই আনন্দ ও ভালোবাসায় পরিণত হয়।’প্রথমবার মা হওয়ার অভিজ্ঞতা তাকে নতুনভাবে জীবনকে উপলব্ধি করতে শিখিয়েছে বলেও জানান এই অভিনেত্রী। তার ভাষায়, ‘মা হওয়া যে কতটা ত্যাগ, কতটা সাহস, কতটা ধৈর্য আর কতটা নিঃস্বার্থ ভালোবাসার নাম, আজ নিজের শরীর দিয়ে, নিজের জীবন দিয়ে অনুভব করলাম।’এই কঠিন সময়ে যারা তাকে সাহস দিয়েছেন, তার কষ্ট ভাগ করে নেওয়ার চেষ্টা করেছেন এবং মা ও সন্তানের জন্য দোয়া করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন মারজান।সন্তানের জন্য দোয়া চেয়ে তিনি আরও লেখেন, আল্লাহ যেন তার সন্তানকে সুস্থ, নেক, সৎ, জ্ঞানী ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলেন এবং তার জীবন ভালোবাসা, শান্তি, সফলতা ও কল্যাণে পরিপূর্ণ করেন।সবশেষে মাতৃত্বের অনুভূতিকে জীবনের সবচেয়ে মূল্যবান পরিচয় হিসেবে উল্লেখ করে মারজান জেনিফা বলেন, ‘আজ আমি শুধু একজন নারী নই, আমি একজন মা। আর এই পরিচয়ই আমার জীবনের সবচেয়ে সুন্দর, সবচেয়ে মূল্যবান এবং সবচেয়ে গর্বের পরিচয়।’২০১৬ সালে ‘মুসাফির’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় মারজান জেনিফা। আশিকুর রহমান পরিচালিত সিনেমাটিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেন তিনি। অভিনয়জীবনে শুরুতেই আলোচনায় আসা এই অভিনেত্রী পরবর্তীতে ব্যক্তিজীবন ও সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি।