দেশে আগামী কয়েক বছর স্থিতিশীলতা দরকার: মাহফুজ আলম
ডেস্ক রিপোর্ট: সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, দেশে আগামী কয়েক বছর স্থিতিশীলতা ও বিনিয়োগকারীসহ সংশ্লিষ্ট অংশীজনদের আস্থা বজায় রাখা জরুরি। আজ ৬ সেপ্টেম্বর রোববার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।ফেসবুক পোস্টে মাহফুজ আলম রাষ্ট্র পুনর্গঠন এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিভিন্ন দিক তুলে ধরে বলেন, ‘দেশে আগামী কয়েক বছর স্থিতিশীলতা দরকার। বিনিয়োগকারী এবং অংশীজনদের আস্থা দরকার। রাষ্ট্র পুনর্গঠনের জন্য এখন দোধারী লড়াই চালিয়ে নিতে হবে। আস্থা ও স্থিতিশীলতা রক্ষা এবং জুলাইয়ের কাঙ্ক্ষিত রাষ্ট্র ও অর্থনীতির সংস্কার নিশ্চিত করতে হবে।’তিনি আরও বলেন, ‘রাষ্ট্রে আস্থা ও স্থিতিশীলতা রক্ষা আর জুলাইয়ের আকাঙ্ক্ষার বাস্তবায়ন বিপরীতধর্মী না। জুলাইয়ের ছাত্র-জনতার আপওয়ার্ড সোশিও-পলিটিকাল মবিলিটি দরকার। লীগের ১৬ বছর সন্ত্রাসের ক্ষত কাটিয়ে সৃজনশীল সামাজিক-রাজনৈতিক উলম্ফন দরকার। সেজন্য আস্থা ও স্থিতিশীলতা নিয়ে সকল অনাহুত সঙ্কট সবাই মিলে দূর করতে হবে।’তিনি সতর্ক করে আরও উল্লেখ করেন, ‘রাষ্ট্র ভঙ্গুর হলে জুলাইয়ের ছাত্র-জনতা পরাস্ত হবে। অন্যদিকে, রাষ্ট্র ফ্যাসিবাদী হলে জুলাইয়ের আকাঙ্ক্ষা বিপর্যস্ত হবে। আমাদের উচিত, কোনটাই ঘটতে না দেয়া।’