একসঙ্গে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রযুক্তি সামনে আনল ইরান
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পরও সামরিক সক্ষমতা অটুট রয়েছে—এমন বার্তা দিতে নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা ও ভূগর্ভস্থ সামরিক স্থাপনা প্রদর্শন করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, নতুন ব্যবস্থার মাধ্যমে একসঙ্গে দুটি তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা সম্ভব।২১ নভেম্বর শনিবার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত ভিডিওতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল আহমাদ ওয়াহিদিকে একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা পরিদর্শন করতে দেখা যায়। এ সময় তাঁর সঙ্গে ছিলেন আইআরজিসির মহাকাশ ও বিমান বাহিনীর প্রধান মাজিদ মুসাভি।রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, নতুন উৎক্ষেপণব্যবস্থাটি একই সঙ্গে দুটি তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র বহন ও নিক্ষেপ করতে সক্ষম। ইরানের দাবি, তাদের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রের পাল্লা, নির্ভুলতা ও দিকনির্দেশনা সক্ষমতার উন্নতি হয়েছে। তবে এসব সক্ষমতার দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।এর আগে গত ১০ নভেম্বর নতুন ভূগর্ভস্থ সামরিক স্থাপনা উন্মোচনের ঘোষণা দিয়েছিল আইআরজিসির মহাকাশ ও বিমান বাহিনী। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়, এসব স্থাপনায় ব্যাপক বোমাবর্ষণের মধ্যেও অস্ত্র উৎপাদন ও মজুত কার্যক্রম চালিয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদনের বিভিন্ন কার্যক্রমও ভূগর্ভস্থ স্থাপনায় স্থানান্তর করা হয়েছে বলে দাবি করেছে দেশটি।শনিবার প্রচারিত ভিডিওতে দীর্ঘ সুড়ঙ্গ এবং সারিবদ্ধভাবে রাখা বিপুলসংখ্যক ক্ষেপণাস্ত্র ও সামরিক সরঞ্জাম দেখানো হয়। তবে ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে, তা নিশ্চিত করতে পারেনি আল জাজিরা।তেহরান থেকে আল জাজিরার সংবাদদাতা রেসুল সারদার বলেন, পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র ও উৎক্ষেপণব্যবস্থা রয়েছে—বাইরের বিশ্বকে মূলত এই বার্তাই দিতে চাইছে আইআরজিসি। যুদ্ধ আবার শুরু হলে এসব সক্ষমতা কাজে লাগানোর ইঙ্গিতও দিচ্ছে তারা।লন্ডনের কিংস কলেজের আন্তর্জাতিক নিরাপত্তা বিভাগের প্রভাষক রব গেইস্ট পিনফোল্ডের মতে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির পরাজয়ের পর সামরিক সক্ষমতা প্রদর্শনে আরও আত্মবিশ্বাসী হয়েছে তেহরান।তবে সামরিক সক্ষমতা প্রদর্শনের পাশাপাশি অর্থনৈতিক চাপেও রয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধের কারণে দেশটির তেল রপ্তানি ব্যাহত হচ্ছে। রব গেইস্ট পিনফোল্ডের মতে, ইরানের অর্থনীতি ইতোমধ্যে মন্দার মধ্যে রয়েছে। বর্তমানে দেশটি থেকে খুব সামান্য, এমনকি কোনো তেলই রপ্তানি হচ্ছে না।সব মিলিয়ে ভূগর্ভস্থ সামরিক স্থাপনা ও নতুন ক্ষেপণাস্ত্রব্যবস্থা প্রদর্শনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রকে নিজেদের সামরিক সক্ষমতা সম্পর্কে সতর্কবার্তা দিতে চাইছে তেহরান।এটিভি/এসআইআর