• ঢাকা
  • |
  • সোমবার ২রা অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৯:১১:১৮ (16-Nov-2026)
  • - ৩৩° সে:
ইরানকে ঘিরে নতুন উত্তেজনা, মধ্যপ্রাচ্যে এলো যুক্তরাষ্ট্রের তৃতীয় রণতরী

ইরানকে ঘিরে নতুন উত্তেজনা, মধ্যপ্রাচ্যে এলো যুক্তরাষ্ট্রের তৃতীয় রণতরী

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্ট। ১৫ নভেম্বর রোববার রণতরীটি যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলীয় সামরিক কমান্ডের (সেন্টকম) আওতাধীন এলাকায় প্রবেশ করে। এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে একসঙ্গে তিনটি মার্কিন বিমানবাহী রণতরীর উপস্থিতি নিশ্চিত হলো।যুক্তরাষ্ট্রের কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম এক্সিওসের সাংবাদিক বারাক রেভিড এ তথ্য জানিয়েছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-ও খবরটি প্রকাশ করেছে।নতুন এই রণতরী যুক্ত হওয়ার ফলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আরও শক্তিশালী হয়েছে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) তথ্য অনুযায়ী, বর্তমানে এ অঞ্চলে ২০ হাজারের বেশি মার্কিন নাবিক ও মেরিন সেনা এবং কয়েকশ যুদ্ধবিমান রয়েছে। এ ধরনের সামরিক উপস্থিতিকে অস্বাভাবিক হিসেবে উল্লেখ করা হয়েছে।মধ্যপ্রাচ্যে বর্তমানে অবস্থান করছে ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ, ইউএসএস জর্জ ওয়াশিংটন ও ইউএসএস থিওডোর রুজভেল্ট। পাশাপাশি রয়েছে ইউএসএস বক্সার উভচর যুদ্ধজাহাজের নেতৃত্বাধীন একটি সামরিক দল।এর আগে গত এপ্রিলেও মধ্যপ্রাচ্যে একসঙ্গে তিনটি মার্কিন বিমানবাহী রণতরী অবস্থান করছিল। ২০০৩ সালের পর সেটিই ছিল এ অঞ্চলে একই সময়ে তিনটি মার্কিন রণতরী মোতায়েনের প্রথম ঘটনা।এদিকে, ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর সম্ভাবনা নিয়ে ওয়াশিংটনে আলোচনা চলছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। এর জবাবে ইরানও ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। এরপর থেকে দুই পক্ষের মধ্যে সংঘাত ও উত্তেজনা অব্যাহত রয়েছে।এর আগে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন মধ্যপ্রাচ্যে সামরিক অভিযানে নেতৃত্ব দেয়। দীর্ঘ সময় সমুদ্রে অবস্থানের পর রণতরীটির নাবিকদের বিশ্রাম ও দায়িত্বের পরিবর্তনের বিষয়টি বিবেচনায় নিয়ে অন্য রণতরী ও যুদ্ধজাহাজ এ অঞ্চলে পাঠানো হয়।গত অক্টোবরে এপি জানিয়েছিল, মধ্যপ্রাচ্যে অতিরিক্ত প্রায় ৯ হাজার মার্কিন সেনা, নাবিক ও মেরিন সদস্য পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ইউএসএস থিওডোর রুজভেল্টের নেতৃত্বাধীন রণতরী দলও রয়েছে।তবে নতুন করে ইরানে হামলা চালানোর বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। রয়টার্সের ১৪ নভেম্বরের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান বা দেশটির সমর্থিত হুতি গোষ্ঠীর পক্ষ থেকে নতুন কোনো উসকানি না এলে আপাতত হামলা থেকে বিরত থাকার বিষয়টি বিবেচনা করছেন ট্রাম্প। তবে সংঘাতের অবসান কীভাবে হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরী পাঠানোকে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি জোরদারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে নতুন রণতরীটি সম্ভাব্য কোনো অভিযানে অংশ নেবে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।এটিভি/এসআইআর