• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৯:৩৭:০০ (27-Nov-2026)
  • - ৩৩° সে:
শহীদ মিনারে নেওয়া হচ্ছে মাতিয়া বানু শুকুর মরদেহ, জুমার পর জানাজা

শহীদ মিনারে নেওয়া হচ্ছে মাতিয়া বানু শুকুর মরদেহ, জুমার পর জানাজা

বিনোদন ডেস্ক: জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নাট্যকার, নির্মাতা ও প্রযোজক মাতিয়া বানু শুকুর মরদেহে শেষ শ্রদ্ধা জানাবেন সর্বস্তরের মানুষ। আজ ২৭ নভেম্বর শুক্রবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলা থেকে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজের পর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টর কবরস্থানে তাকে দাফন করা হবে।সংস্কৃতিকর্মী ও মাতিয়া বানু শুকুর ঘনিষ্ঠজন এরশাদুল হক টিংকু এসব তথ্য জানিয়েছেন। তার দেওয়া সময়সূচি অনুযায়ী, ভোর ৬টায় মরদেহ চারুকলার বকুলতলায় নেওয়া হয়। সেখানে সকাল সাড়ে ১০টা পর্যন্ত রাখার পর শহীদ মিনারে নেওয়ার কথা রয়েছে।২৬ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাতিয়া বানু শুকু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে ক্যানসারের সঙ্গে লড়ছিলেন তিনি। পাশাপাশি কিডনির জটিলতাও ছিল। গত ২১ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। পরে প্যালিয়েটিভ কেয়ারে স্থানান্তরের পর সেখানেই তার মৃত্যু হয়।ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা মাতিয়া বানু শুকু নির্মাতা নূরুল আলম আতিকের সহধর্মিণী। দুই দশকের বেশি সময় ধরে নাটক ও চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। নাট্যকার ও পরিচালক হিসেবে তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’, ‘প্রজ্ঞা পারমিতা’, ‘টু-লেট’ ও ‘একটা কিনলে আরেকটা ফ্রি’।চলচ্চিত্র প্রযোজক হিসেবেও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তার। ২০২১ সালে নূরুল আলম আতিক পরিচালিত ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের প্রযোজক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।তার মৃত্যুতে দেশের নাটক ও চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।এটিভি/এসআইআর