• ঢাকা
  • |
  • শুক্রবার ১২ই আষাঢ় ১৪৩৩ সকাল ১১:২৭:১৯ (26-Jun-2026)
  • - ৩৩° সে:
বিয়ের আসরে মাতাল বর, বিয়ে ভেঙে পুলিশি সম্মাননা পেলেন কনে

বিয়ের আসরে মাতাল বর, বিয়ে ভেঙে পুলিশি সম্মাননা পেলেন কনে

আন্তর্জাতিক ডেস্ক: বিয়ের মণ্ডপে অতিরিক্ত মদ্যপ অবস্থায় হাজির হন বর। সেই দৃশ্য দেখেই বিয়ে না করার সাহসী সিদ্ধান্ত নেন ২২ বছর বয়সী তরুণী মুসকান প্রধান। পরে মদ্যপানের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ায় ভারতের ছত্তিশগড়ের জাঞ্জগির-চম্পা জেলার পুলিশ সুপার (এসপি) বিজয় কুমার পান্ডে তাকে বিশেষভাবে সম্মাননা দেন।ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, গত ২৩ জুন জাঞ্জগির-চম্পা জেলায় এ ঘটনা ঘটে।দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করা মুসকান জানান, তিনি ভবিষ্যতে পড়াশোনা চালিয়ে যেতে চান। ২৪ বছর বয়সী সন্তরামের সঙ্গে তার বিয়ের কথা ছিল। নির্ধারিত সময়ে বরযাত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পর বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হলেও বরকে অতিরিক্ত মদ্যপ অবস্থায় দেখে তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানান।মুসকানের পরিবারের দাবি, বাগদানের দিনও সন্তরাম মদ্যপ অবস্থায় এসেছিলেন। সে সময় মুসকানের আপত্তির পর তিনি আর মদ পান করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু বিয়ের দিনও একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় তিনি সম্পর্কটি এগিয়ে না নেওয়ার সিদ্ধান্ত নেন।এ সিদ্ধান্তের পর দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে চম্পা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসএইচও) অশোক বৈষ্ণবের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন সামান্য আহত হলে তাদের হাসপাতালে নেওয়া হয়।পুলিশ জানিয়েছে, আলোচনার মাধ্যমে বরপক্ষ কনেপক্ষের বিয়ের আয়োজনের খরচ বাবদ প্রায় ৩ লাখ রুপি ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে।পরে সমাজকর্মী ও নারী প্রতিনিধিদের উপস্থিতিতে মুসকানকে সম্মাননা প্রদান করেন এসপি বিজয় কুমার পান্ডে। তিনি বলেন, মুসকানের এই সিদ্ধান্ত মদ্যপানের কুফল সম্পর্কে সমাজে একটি শক্তিশালী বার্তা দিয়েছে এবং বৈবাহিক সম্পর্কে পারস্পরিক সম্মান ও দায়িত্ববোধের গুরুত্ব তুলে ধরেছে।স্থানীয় বাসিন্দারাও মুসকানের এই পদক্ষেপকে সাহসী ও অনুপ্রেরণাদায়ক হিসেবে দেখছেন।সূত্র: ইন্ডিয়া টুডে