মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
অনলাইন ডেস্ক: ২৪-এর গণঅভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের আন্দোলন দমনে হামলা, নির্যাতন ও হত্যার ঘটনায় সাবেক উপাচার্য মাকসুদ কামাল, অধ্যাপক জাফর ইকবালসহ ৮ আসামির বিরুদ্ধে করা অভিযোগ আমলে নিয়ে ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। একই সঙ্গে ২২ অক্টোবর হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে।২০ সেপ্টেম্বর রোববার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এদিন প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মইনুল করিম। প্রসিকিউটর মিজানুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান।আসামিরা হলেন- পলাতক উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল, অধ্যাপক জাফর ইকবাল, বিচারপতি শামসুদ্দীন মানিক, ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।আসামিদের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগগুলো হলো- সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক টক শোতে সব হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছেন, তিনি আবু সাঈদকে সন্ত্রাসী বলেছেন; তৎকালীন উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছেন, ছাত্রলীগকে মাঠে নামিয়েছেন; অধ্যাপক জাফর ইকবাল আন্দোলনকারীদের রাজাকারের সন্তান বলে হত্যায় সহযোগিতা করেছেন।৮ আসামির মধ্যে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, অধ্যাপক আ ক ম জামালউদ্দিন, ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈকত গ্রেফতার রয়েছে।পলাতক আছেন- অধ্যাপক মাকসুদ কামাল, অধ্যাপক জাফর ইকবাল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ইনান ও ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন।এ ছাড়া গাজীপুরে মাদ্রাসা অধ্যক্ষ আবুল হোসেনসহ ৭ জনকে গুমের ঘটনায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান আসাদুজ্জামানসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।