আইপিএলকে বিদায় জানালেন ধোনি
স্পোর্টস ডেস্ক: দীর্ঘ ১৮ বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্যারিয়ারের ইতি টানলেন ভারতীয় জাতীয় দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। খেলোয়াড়ি জীবনে ইতি টানলেও আইপিএলের চেন্নাই সুপার কিংসের সঙ্গে তার সম্পর্ক এখনই ছিন্ন হচ্ছে না।২০২৭ আইপিএলের আগে ফ্র্যাঞ্চাইজিটির মেন্টর হিসেবে নতুন দায়িত্ব নিচ্ছেন ভারতের সাবেক এই বিশ্বকাপজয়ী অধিনায়ক।১৭ নভেম্বর মঙ্গলবার বিকেলে স্যোশাল প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে চেন্নাইয়ের মালিক এন শ্রীনিবাসন। আগামী আসরের ক্রিকেটার ধরে রাখার (রিটেনশন) শেষ দিনে ধোনির এই ভূমিকা বদলের ঘোষণা দেয় চেন্নাই সুপার কিংস। এর মধ্য দিয়ে পর্দা নামল আইপিএলের অন্যতম সফল ও বর্ণাঢ্য এক খেলোয়াড়ি ক্যারিয়ারের।এক বিবৃতিতে এন শ্রীনিবাসন বলেন, ‘হলুদ জার্সিতে মাঠে না নামলেও দলের অবিচ্ছেদ্য অংশ হয়েই থাকছেন ধোনি।’ধোনি সবসময়ই আমাদের পরিচয়ের অংশ হয়ে থাকবে। এটিই সবসময় ওর ঘর, বলে যোগ করে তিনি।ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, ‘একটি যুগের অবসান। আজীবন অবিস্মরণীয় স্মৃতি উপহার দেওয়ার জন্য ধন্যবাদ, এমএস ধোনি। শুভ অবসর, ক্যাপ্টেন কুল।’সাম্প্রতিক বছরগুলোতে বারবার চোটের কারণে ক্রিকেটার হিসেবে ধোনির ভূমিকা কমে যাওয়ায় এই পরিস্থিতির ইঙ্গিত আগেই দেওয়া হয়েছিল। লক্ষণীয়, সিএসকের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে এই সুপারস্টার উইকেটরক্ষক-ব্যাটসম্যানের কোনো মন্তব্য ছিল না।২০০৮ সালে আইপিএলের প্রথম আসর থেকেই চেন্নাইয়ের সমার্থক হয়ে উঠেছিলেন ধোনি। তার নেতৃত্বে ৫টি আইপিএল শিরোপার পাশাপাশি ২টি চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি ট্রফি জিতেছে দলটি।চেন্নাই সুপার কিংসের ব্যবস্থাপনা পরিচালক কেএস বিশ্বনাথন মনে করেন, ট্রফির চেয়েও ধোনির বড় অর্জন চেন্নাই শহর ও এর মানুষদের আপন করে নেওয়া।তিনি আরও বলেন, ক্রিকেটার হিসেবে ধোনি যা অর্জন করেছে, তা প্রতিটি ভক্তের স্মৃতিতে গেঁথে থাকবে। তবে ওকে সত্যিকার অর্থে যা বিশেষ করে তুলেছে, তা হলো চেন্নাইয়ের সঙ্গে ওর একাত্ম হয়ে যাওয়া। ও এই শহরকে আপন করে নিয়েছে, আর শহরটিও ওকে নিজেদের একজন হিসেবে বরণ করে নিয়েছে।মাঠের ধোনিকে মিস করলেও ডাগআউটে তার উপস্থিতি দলকে অনুপ্রাণিত করবে বলে বিশ্বাস বিশ্বনাথনের।আইপিএল ক্যারিয়ারে ২৭৮ ম্যাচ খেলে ২৪২ ইনিংসে ৩৮.৩০ গড় ও ১৩৭.৪৫ স্ট্রাইক রেটে ৫ হাজার ৪৩৯ রান করেছেন ধোনি। কোনো সেঞ্চুরি না থাকলেও ফিফটি করেছেন ২৪টি। তিনি ৩৭৫ চারের সঙ্গে ছক্কা মেরেছেন ২৬৪টি।এটিভি/এসটিও