• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ সন্ধ্যা ০৬:১১:৪৪ (13-Jun-2026)
  • - ৩৩° সে:
সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: নাইজারের সাহারা মরুভূমিতে যাত্রীবাহী একটি ট্রাক বিকল হয়ে যাওয়ার পর তীব্র তৃষ্ণা ও পানির অভাবে অন্তত ৪৯ জনের মৃত্যু হয়েছে।৪ জুন বৃহস্পতিবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।কর্তৃপক্ষের বরাত দিয়ে জানা গেছে, নিহতরা প্রতিবেশী দেশ মালিতে একটি মুসলিম ধর্মীয় উৎসবে অংশগ্রহণ শেষে নিজ গন্তব্যে ফিরছিলেন। পথে সাহারা মরুভূমির একটি প্রত্যন্ত এলাকায় তাদের বহনকারী ট্রাকটি বিকল হয়ে পড়ে।ঘটনাস্থলটি আসামাকা এলাকার পশ্চিমে অবস্থিত, যা নাইজার, আলজেরিয়া ও মালি সীমান্তের কাছাকাছি একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল হিসেবে পরিচিত।স্থানীয় প্রশাসন জানায়, ট্রাকটির চালক, তার সহকারী এবং যাত্রীরা গাড়িটি মেরামতের চেষ্টা করেন। তবে মরুভূমির দুর্গম পরিবেশে তাদের কাছে থাকা পানির মজুত দ্রুত শেষ হয়ে যায়। পর্যাপ্ত খাদ্য, পানি ও সহায়তার অভাবে তারা প্রচণ্ড তাপদাহের মধ্যে আটকা পড়েন।পরিস্থিতির অবনতি ঘটলে অনেক যাত্রী তৃষ্ণা ও ক্লান্তিতে মারা যান। তবে দুজন যাত্রী প্রায় ৫০ কিলোমিটারের বেশি পথ হেঁটে একটি পানির উৎসে পৌঁছাতে সক্ষম হন। পরে তারা আসামাকায় গিয়ে স্থানীদয় কর্তৃপক্ষকে ঘটনার খবর দেন।খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। পরে নিহতদের গণকবরে দাফন করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।উল্লেখ্য, সাহারা মরুভূমির এ অঞ্চলটি আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ইউরোপে যাওয়ার চেষ্টা করা অভিবাসীদের একটি পরিচিত রুট। প্রতি বছর চরম তাপদাহ, পানির সংকট এবং দুর্গম পরিবেশের কারণে এই পথে বহু মানুষের প্রাণহানি ঘটে।