• ঢাকা
  • |
  • শনিবার ৭ই ভাদ্র ১৪৩৩ সকাল ১০:১৩:০৭ (22-Aug-2026)
  • - ৩৩° সে:
মন্ত্রিসভায় নতুন করে কে পেলেন কোন দায়িত্ব?

মন্ত্রিসভায় নতুন করে কে পেলেন কোন দায়িত্ব?

ডেস্ক রিপোর্ট: সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ করা হয়েছে। নতুন করে চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। এর মধ্যে একজন প্রতিমন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রী হয়েছেন। একই সঙ্গে কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে।২১ আগস্ট শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ পড়ান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর কিছুক্ষণ আগে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি।নতুন মন্ত্রী হিসেবে শপথ নেওয়া চারজন হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বিএনপির কোষাধ্যক্ষ ও জামালপুর-১ আসনের সংসদ সদস্য রশিদুজ্জামান মিল্লাত, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং বিএনপির জোটসঙ্গী বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ।রশিদুজ্জামান মিল্লাত এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। এবার তাঁকে পূর্ণ মন্ত্রী করা হয়েছে।নতুন দুই প্রতিমন্ত্রী হলেন প্রধানমন্ত্রীর সাবেক পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির (টেকনোক্র্যাট) এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার (লিংকন)।শপথের পর রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন ও পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়।প্রজ্ঞাপন অনুযায়ী, রাষ্ট্রপতি হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে থাকা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আবদুল মঈন খান।রশিদুজ্জামান মিল্লাতকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। এ মন্ত্রণালয়ের আগের মন্ত্রী আফরোজা খানম (রিতা) পেয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব।সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। দীপেন দেওয়ান পদত্যাগ করার পর মন্ত্রণালয়টির মন্ত্রীর পদটি শূন্য ছিল।আন্দালিভ রহমান পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হয়েছে।হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। একই মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে শামা ওবায়েদ ইসলামও বহাল রয়েছেন। ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন।অন্যদিকে, মোহাম্মদ শামীম কায়সারকে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে।নতুন সদস্য যুক্ত হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভার সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ৫১ জনে। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া পূর্ণ মন্ত্রী ২৬ জন এবং প্রতিমন্ত্রী ২৪ জন।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার শপথ নেয়। এরপর কয়েক দফায় মন্ত্রিসভায় দপ্তর পরিবর্তন ও নতুন সদস্য যুক্ত করা হয়। সর্বশেষ সম্প্রসারণের মাধ্যমে মন্ত্রিসভার আকার আরও বাড়ল।