মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আযম খান, ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব মীর হেলালের
নিজস্ব প্রতিবেদক: বিএনপি নেতৃত্বাধীন সরকারের দুটি মন্ত্রণালয়ের দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। তাতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সদ্য মন্ত্রী হিসেবে শপথ নেওয়া টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য আহমেদ আযম খানকে।অন্যদিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলালকে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয়েছে।১২ মার্চ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী এ দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ স্পিকার এবং ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার নির্বাচিত হন। তাদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।স্বাভাবিকভাবে স্পিকার ও ডেপুটি স্পিকার মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করতে পারছেন না। এজন্য একজন নতুন মন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে এবং একজন প্রতিমন্ত্রীর দায়িত্ব বাড়ানো হয়েছে।দুপুরে জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আহমেদ আযম খানকে মন্ত্রী হিসেবে শপথ পাঠ করেছেন।