ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ফরম নিলেন রাষ্ট্রপতির ভাই
ডেস্ক রিপোর্ট: জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ শূন্য আসনে উপনির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে।১৫ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়।প্রথম দিনেই ঠাকুরগাঁও জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সাল আমিনের পক্ষে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতি ও বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই।মির্জা ফয়সাল আমিনের পক্ষে ফরমটি সংগ্রহ করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী। এ সময় জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্নস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।ঠাকুরগাঁও পৌর কমিটির বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ ফরম সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর ২টা পর্যন্ত মির্জা ফয়সাল আমিনের ফরমটিই সংগ্রহ করা হয়।