শুল্কমুক্ত মদ ‘অবৈধ গুদামে’, সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা
ডেস্ক রিপোর্ট: অননুমোদিত গুদামে শুল্কমুক্ত মদ রাখার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের দুটি অনুমোদিতসহ মোট চারটি গুদাম সিলগালা করা হয়েছে।১ অক্টোবর বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর দক্ষিণ গুলশানের ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এ যৌথ অভিযান চালিয়ে গুদামগুলো সিলগালা করা হয় বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।এনবিআরের বিজ্ঞপ্তি অনুযায়ী, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং বিশেষায়িত একটি আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে অভিযান চালায়। প্রাথমিকভাবে ‘গুরুতর অসংগতি’ পাওয়ায় অধিকতর যাচাইয়ের জন্য গুদামগুলো সিলগালা করা হয়েছে।গোয়েন্দা কর্মকর্তারা জানান, ‘টস বন্ড’ একটি কূটনৈতিক গুদাম, যেখান থেকে বিদেশি কূটনীতিকদের শুল্কমুক্ত মদ সরবরাহ করা হয়। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে শুল্কমুক্ত পণ্য খোলাবাজারে বিক্রির অভিযোগ পাওয়ার পর কয়েক মাস ধরে অনুসন্ধান চলছিল।এনবিআর বলছে, প্রতিষ্ঠানটির অনুমোদিত বা ঘোষিত গুদামের সংখ্যা দুটি। তবে অভিযানে মোট চারটি গুদামে পণ্য মজুত পাওয়ার কথা জানানো হয়েছে। বন্ড সুবিধায় আমদানি করা শুল্কমুক্ত পণ্য অননুমোদিত গুদামে স্থানান্তর বা অপসারণ ঠেকানো এবং তদন্তের স্বার্থে চারটি গুদামই সিলগালা করা হয়েছে।এদিকে নুর ইসলাম ও তাঁর পরিবারের সদস্যদের বিদেশি নাগরিকত্ব এবং বিভিন্ন আর্থিক লেনদেন নিয়েও সংশ্লিষ্ট সংস্থাগুলো অনুসন্ধান করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কানাডা থেকে সংগৃহীত বিভিন্ন নথি ও আর্থিক প্রতিবেদনও যাচাই করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।তবে তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, গুদাম সিলগালার বিষয়টি সালমান মুক্তাদিরকে ঘিরে সাম্প্রতিক ঘটনার সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়। নুর ইসলামের ব্যবসা ও সংশ্লিষ্ট অভিযোগ নিয়ে আগে থেকেই বিভিন্ন সংস্থা অনুসন্ধান চালিয়ে আসছিল।সম্প্রতি ঢাকার দক্ষিণ মানিকদীর নিউ গিনি আবাসন প্রকল্পে হামলা ও ভাঙচুরের ঘটনায় সালমান মুক্তাদিরের স্টুডিও ক্ষতিগ্রস্ত হয়। ওই ঘটনায় মামলা হয়েছে এবং পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। পরে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্যও তলব করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।এনবিআর জানিয়েছে, গুদাম সিলগালার পর বিষয়টি নিয়ে বিস্তারিত যাচাই ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।সূত্র: বিডিনিউজ২৪