শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষা ও গবেষণার সংযোগ বাড়ানোর তাগিদ ইউজিসি চেয়ারম্যানের
অনলাইন ডেস্ক: বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে শিল্পপ্রতিষ্ঠানের চাহিদা ও দেশের বাস্তব সমস্যা সমাধানে কাজে লাগানোর তাগিদ দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।২৭ অক্টোবর মঙ্গলবার মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) দিবস ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত ‘রিসার্চ এক্সেলেন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’ শীর্ষক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের কাজ শুধু শিক্ষার্থী পড়ানো, ডিগ্রি দেওয়া কিংবা গবেষণাপত্র প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষা ও গবেষণার পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠান ও সমাজের সঙ্গে কার্যকর সম্পর্ক গড়ে তোলাও বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব।তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠান যৌথভাবে গবেষণা কার্যক্রম পরিচালনা করতে পারে। এসব গবেষণার লক্ষ্য হওয়া উচিত সংশ্লিষ্ট দেশ ও অঞ্চলের সামাজিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত সমস্যার সমাধান। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের মধ্য দিয়ে শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা গড়ে তুলতে হবে, যাতে গবেষণার ফল বাস্তব সমস্যার সমাধানে কাজে লাগে।মাভাবিপ্রবি ইতিমধ্যে এ ধরনের গবেষণা প্রকল্প গ্রহণে ভূমিকা রেখেছে উল্লেখ করে ইউজিসি চেয়ারম্যান বলেন, ভবিষ্যতে এ কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্থানীয় সমাজের সম্পৃক্ততা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, বিশ্ববিদ্যালয়, একাডেমিয়া ও সমাজের মধ্যে কার্যকর সম্পর্ক দেশের অগ্রগতিতে সহায়তা করবে।মাভাবিপ্রবিকে এ অঞ্চলের মানুষের ‘প্রাণের সামাজিক প্রতিষ্ঠান’ উল্লেখ করে অধ্যাপক মামুন আহমেদ বলেন, দেশের বিভিন্ন অঞ্চল ও বিদেশ থেকে শিক্ষার্থীরা এ বিশ্ববিদ্যালয়ে পড়তে আসেন। বিভিন্ন অঞ্চল থেকে আসা শিক্ষক ও স্থানীয় শিক্ষকদের সম্মিলিত একাডেমিক ও সামাজিক কার্যক্রমের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের অর্জন ও ঐতিহ্য গড়ে উঠেছে।বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকেরা যাতে নির্বিঘ্নে একাডেমিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করতে পারেন, সে জন্য স্থানীয় জনগণ ও রাজনীতিবিদদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।মাভাবিপ্রবির অগ্রগতির প্রশংসা করে ইউজিসি চেয়ারম্যান বলেন, ২০০৩ সালে দুটি বিভাগ নিয়ে একাডেমিক কার্যক্রম শুরু করা বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে ছয়টি অনুষদ ও ১৭টি বিভাগ রয়েছে। অল্প সময়ে বিজ্ঞান ও প্রযুক্তিশিক্ষা এবং গবেষণায় বিশ্ববিদ্যালয়টির অবদানের প্রশংসা করেন তিনি। দেশের প্রত্যাশা অনুযায়ী অবদান রাখতে পারায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।বিশেষ অতিথির বক্তব্যে ইউজিসি সদস্য ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধি এবং কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে স্কিল ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।তিনি আরও বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে জ্ঞানভিত্তিক সমাজ ও আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়গুলোতে স্কিল ডেভেলপমেন্ট সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব কেন্দ্রের মাধ্যমে শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, গবেষণা, উদ্ভাবন এবং শিল্প খাতের চাহিদাভিত্তিক বাস্তবমুখী দক্ষতা অর্জনের সুযোগ পাবে।অনুষ্ঠানে শিল্পপ্রতিষ্ঠান ও একাডেমিয়ার মধ্যে সংযোগ বাড়াতে ২৪টি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে শিক্ষকদের ও গবেষকদের রিসার্চ এক্সেলেন্স অ্যাওয়ার্ড দেওয়া হয়।এ ছাড়া বিজ্ঞান মেলা, শিক্ষা মেলা ও চাকরির মেলার আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু ও আবুল কালাম আজাদ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিসুর রহমান।এটিভি/ এম এইচ আই