• ঢাকা
  • |
  • রবিবার ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৫:৫৫:২০ (15-Nov-2026)
  • - ৩৩° সে:
সাংবাদিকদের ‘জেলে ঢুকিয়ে দেওয়ার’ হুমকি, ভূমি নায়েবকে শোকজ

সাংবাদিকদের ‘জেলে ঢুকিয়ে দেওয়ার’ হুমকি, ভূমি নায়েবকে শোকজ

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে জমির নামজারি-সংক্রান্ত তথ্য জানতে গিয়ে সাংবাদিকদের গালিগালাজ, হেনস্তা ও ‘এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব’ বলে হুমকি দেওয়ার ঘটনায় সদর পৌর ভূমি অফিসের নায়েব আবুল কালামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।১৫ নভেম্বর রোববার সকালে তাকে শোকজ করা হয়। তাঁর জবাব পাওয়ার পর পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, ‘সাংবাদিকদের সঙ্গে নায়েব আবুল কালামের অসদাচরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। এ ঘটনায় আজ সকালে তাকে শোকজ করা হয়েছে। তার জবাব পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’এর আগে গত ১২ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে আজকের পত্রিকার মাল্টিমিডিয়া সাংবাদিক অনিক খান তার বাবার জমির নামজারি-সংক্রান্ত তথ্য জানতে ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসে যান। এ সময় অফিসে চায়ের আড্ডায় ব্যস্ত ছিলেন নায়েব আবুল কালাম। দীর্ঘক্ষণ অপেক্ষার পর তথ্য জানতে চাইলে তিনি সাংবাদিক অনিক খানের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।একপর্যায়ে সেখানে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে গালিগালাজ করে তিনি বলেন, ‘এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব।’ এ ছাড়া সাংবাদিকদের বেঁধে পেটানো এবং আটকে রাখার হুমকিও দেন বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন নাগরিক টিভির মাল্টিমিডিয়া সাংবাদিক ফারহাদ, কালের কণ্ঠের মাল্টিমিডিয়া সাংবাদিক আলাদিন সানি এবং ডিবিসি নিউজের মাল্টিমিডিয়া সাংবাদিক ফরিদুজ্জামান শান্ত। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।সাংবাদিকদের অভিযোগ, সরকারি দপ্তরে নাগরিকের তথ্য জানার অধিকার নিশ্চিত করার পরিবর্তে একজন দায়িত্বশীল কর্মকর্তা তথ্য জানতে যাওয়া সাংবাদিকদের হুমকি ও হেনস্তা করেছেন। এ ধরনের আচরণ শুধু সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা নয়, সরকারি সেবাপ্রতিষ্ঠানে সাধারণ মানুষের সঙ্গে কর্মকর্তাদের আচরণ নিয়েও প্রশ্ন তৈরি করে।সাংবাদিকদের দাবি, শুধু শোকজের মধ্যেই যেন এ ঘটনার নিষ্পত্তি না হয়। অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা যাচাই করে নায়েব আবুল কালামের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।এটিভি/ এইচকে