• ঢাকা
  • |
  • শুক্রবার ১১ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৪:১৩:২৯ (24-Apr-2026)
  • - ৩৩° সে:
হয়রানিমুক্ত ভূমিসেবা পেতে হটলাইন চালু করলেন নওগাঁর ডিসি

হয়রানিমুক্ত ভূমিসেবা পেতে হটলাইন চালু করলেন নওগাঁর ডিসি

নওগাঁ প্রতিনিধি: ভূমিসেবা কার্যক্রমকে আরও সহজ ও বেগবান করতে এবং এই সেবায় নিয়োজিত সরকারি কর্মচারীদের জবাবদিহি নিশ্চিতকরণে হটলাইন নম্বর সেবা চালু করা হয়েছে।রাজশাহী বিভাগীয় কমিশনারের নির্দেশনায় ও জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে নওগাঁ সদর উপজেলা ভূমি অফিসে এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।সেবা প্রাপ্তি ক্ষেত্রে হয়রানি, অনিয়মের লিখিত অভিযোগ প্রমাণক/ছবি স্ক্যান করে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় কিংবা অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) প্রদর্শিত হটলাইন নম্বরে প্রেরণ করতে হবে। প্রেরিত অভিযোগের প্রমাণক/ছবির ভিত্তিতে তদন্ত শুরু করা হবে।২৩ এপ্রিল বৃহস্পতিবার নওগাঁ সদর উপজেলা ভূমি অফিসে প্রধান অতিথি হিসেবে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জান্নাত আরা তিথি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিন মাহমুদ, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, জেলা প্রশাসনের অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এই উদ্যোগের আওতায় অফিসের দৃশ্যমান স্থানে বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মোবাইল নম্বর প্রদর্শন করা হচ্ছে। যদি কোনো ব্যক্তি ভূম সেবা গ্রহণ করতে কোন ধরনের হয়রানির শিকার হন অথবা কোন ধরনের অভিযোগ থাকে তাহলে উক্ত ব্যক্তি প্রদর্শনীতে উল্লিখিত মোবাইল নম্বরে যোগাযোগ করে তার অভিযোগ জানাতে পারবেন।তিনি আরও বলেন, এক্ষেত্রে ভূমিসেবা সংশ্লিষ্ট যে কোন ধরনের প্রাপ্ত অভিযোগ যথাযথ গোপনীয়তা রক্ষা করে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হবে। প্রয়োজনে অভিযোগের বিষয়টি জেলা ও বিভাগীয় পর্যায়ে তদন্ত করা হবে। তদন্ত শেষে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথা জানান এই কর্মকর্তা।