ব্রিটেনে এক দিনে ৩ মন্ত্রীর পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ওপর রাজনৈতিক চাপ আরও বেড়েছে। স্থানীয় নির্বাচনে লেবার পার্টির ভরাডুবির পর মঙ্গলবার তার মন্ত্রিসভা থেকে এক দিনে তিন মন্ত্রী পদত্যাগ করেছেন।পদত্যাগ করা মন্ত্রীরা হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী জেস ফিলিপস, ডিভল্যুশন, ফেইথ অ্যান্ড কমিউনিটিজ বিষয়ক মন্ত্রী মিয়াত্তা ফানবুলেহ এবং নারী ও কন্যাদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধ ও ভিকটিমস বিষয়ক মন্ত্রী অ্যালেক্স ডেভিস জোন্স।বার্তা সংস্থা সিএনএন জানিয়েছে, গত কয়েক ঘণ্টার মধ্যেই তারা পদত্যাগপত্র জমা দেন। এতে লেবার পার্টির ভেতরে স্টারমারের নেতৃত্ব নিয়ে বাড়তে থাকা অসন্তোষ আরও স্পষ্ট হয়ে উঠেছে।ব্রিটিশ পার্লামেন্টের তথ্য অনুযায়ী, ক্যাবিনেট বা মন্ত্রিসভা হলো সরকারের সবচেয়ে জ্যেষ্ঠ প্রায় ২০ জন মন্ত্রীর সমন্বয়ে গঠিত একটি দল, যাদের প্রধানমন্ত্রী বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতিগত খাত পরিচালনার দায়িত্ব দিয়ে থাকেন। এর মধ্যে স্বাস্থ্য, পরিবহন, পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ও রয়েছে।স্টারমারের মন্ত্রিসভার উল্লেখযোগ্য সদস্যদের মধ্যে রয়েছেন উপপ্রধানমন্ত্রী ডেভিড ল্যামি, অর্থমন্ত্রী র্যাচেল রিভস এবং পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার।তবে সংকটের মধ্যেও কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রী প্রকাশ্যে স্টারমারের প্রতি সমর্থন জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী জন হিলিসহ মন্ত্রিসভার একাধিক সদস্য সংবাদমাধ্যমে বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে প্রধানমন্ত্রীর পাশে থাকার কথা জানিয়েছেন।গত সপ্তাহের স্থানীয় নির্বাচনে লেবার পার্টির বড় পরাজয়ের পর থেকেই স্টারমারের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। ইতোমধ্যে দলটির বহু এমপি তার কাছে পদত্যাগের সময়সূচি ঘোষণার দাবি জানিয়েছেন।তবে নেতৃত্ব পরিবর্তনের চাপ বাড়লেও ক্ষমতা ছাড়ার কোনো ইঙ্গিত দেননি স্টারমার। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, গত ৪৮ ঘণ্টার রাজনৈতিক অস্থিরতা সরকার ও দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর হয়ে উঠেছে।মন্ত্রীদের উদ্দেশে তিনি আরও বলেন, দেশের মানুষ সরকারের কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে এবং এখন তাদের মূল কাজ হওয়া উচিত সরকার পরিচালনায় মনোযোগ দেওয়া।