• ঢাকা
  • |
  • শনিবার ২১শে ভাদ্র ১৪৩৩ রাত ১১:৪৩:৪১ (05-Sep-2026)
  • - ৩৩° সে:
ইমরান খানের পাশে দাঁড়ালেন ব্রায়ান লারা

ইমরান খানের পাশে দাঁড়ালেন ব্রায়ান লারা

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও রাজনীতিক ইমরান খানের সুচিকিৎসার দাবি জানানো সাবেক আন্তর্জাতিক অধিনায়কদের তালিকায় এবার যুক্ত হলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার ব্রায়ান লারা।সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ইমরানের প্রতি সমর্থন জানিয়ে লারা বলেন, মাঠে ইমরান খানের সঙ্গে তার দেখা হয়েছে হাতে গোনা কয়েকবার। তবে তার প্রতি শ্রদ্ধা তাৎক্ষণিক এবং স্থায়ী।লারা আরও বলেন, খেলোয়াড়জীবনের শীর্ষে যিনি দেশের জন্য আশা, গর্ব ও অনুপ্রেরণার প্রতীক ছিলেন, তিনি কীভাবে এমন পরিস্থিতিতে পড়তে পারেন, যেখানে তার প্রাপ্য যত্ন, সহানুভূতি ও মর্যাদা দিয়ে আচরণ করা হচ্ছে না তা তিনি বুঝতে পারছেন না।ইমরান খান ২০২৩ সাল থেকে কারাগারে বন্দী। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। তার দুই সন্তান সুলাইমান ও কাসিম বারবার বাবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের দাবি, কারাগারের ভেতরে ইমরানকে হত্যার চেষ্টা করা হয়েছে এবং তার চিকিৎসায়ও অবহেলা করা হচ্ছে।এর আগে বিভিন্ন দেশের ২১ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক ইমরানের সুচিকিৎসার দাবি জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে চিঠি লিখেছেন। এবার তাদের সঙ্গে সংহতি জানিয়ে লারা বলেন, তিনি তার সাবেক সহ-অধিনায়কদের দাবির সঙ্গে একমত। ইমরানের যথাযথ ও উন্মুক্ত চিকিৎসাসেবা এবং প্রত্যেক মানুষের প্রাপ্য মর্যাদা নিশ্চিত করা উচিত।লারা আরও বলেন, এটি কোনো রাজনৈতিক বিষয় নয় ক্রিকেটের একজন কিংবদন্তির জন্য এটি মৌলিক মানবতার দাবি।