• ঢাকা
  • |
  • শনিবার ১১ই আশ্বিন ১৪৩৩ রাত ০৮:২৭:৩২ (26-Sep-2026)
  • - ৩৩° সে:
ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে ব্যাংকক

ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে ব্যাংকক

আন্তর্জাতিক ডেস্ক: প্রবল বর্ষণের কারণে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। গত ৪৮ ঘণ্টায় প্রায় ৩০০ মিলিমিটার (১২ ইঞ্চি) বৃষ্টিপাতের পর রাজধানীর প্রধান সড়কগুলো প্লাবিত হয়ে যায়। কোথাও কোথাও গাড়ির একটি অংশ পানিতে ডুবে যায় এবং মানুষকে কোমরসমান পানির মধ্য দিয়ে হেঁটে চলাচল করতে দেখা যায়।সেই সঙ্গে দেশটির আবহাওয়া সংস্থা সপ্তাহজুড়ে বজ্রঝড়ের পূর্বাভাস দিয়েছে। তাই শনিবার (২৬ সেপ্টেম্বর) ব্যাংকককে দুর্যোগকবলিত এলাকা ঘোষণা করেছেন নগরটির গভর্নর।ব্যাংককের গভর্নর চাদচার্ট সিত্তিপুন্ট বলেন, এই সংকট ‘মানুষের জীবনের জন্য ঝুঁকি তৈরি করছে’ এবং সরকারি ও বেসরকারি সম্পত্তির ক্ষতি করতে পারে। তিনি জানান, খালগুলোর আশপাশের এলাকাগুলোতে পরিস্থিতি সবচেয়ে গুরুতর।সেনাবাহিনী জানিয়েছে, দুর্যোগ মোকাবিলার অংশ হিসেবে তারা আশ্রয়কেন্দ্র ও ফিল্ড কিচেন স্থাপনসহ বিভিন্ন ত্রাণ কার্যক্রম শুরু করেছে। অন্যদিকে ব্যাংকক মেট্রোপলিটন অ্যাডমিনিস্ট্রেশন (বিএমএ) স্কুলগুলোকে অস্থায়ী আবাসন হিসেবে নির্ধারণ করেছে এবং বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ এড়িয়ে চলতে বলা হয়েছে।পরিস্থিতির মধ্যে সুপার মার্কেটগুলোতে ভিড় বেড়ে যায়। মানুষ প্রয়োজনীয় সরবরাহ মজুত করতে সেখানে ভিড় করেন।১৯ বছর বয়সী সানসুক লাওয়াচারাকুল বলেন, আমিও চিন্তিত, কারণ আগে থেকে খাবার মজুত করে রাখিনি। আর এর আগে আমি কখনো একা এমন পরিস্থিতির মুখোমুখি হইনি, কারণ আমার বাবা-মা আমার সঙ্গে নেই।শনিবার খালের আশপাশে বসবাসকারী লোকজনকে তাদের মালামাল উঁচু জায়গায় সরিয়ে নেয়ার জন্য জরুরি সতর্কতা জারি করে সরকার।ব্যাংককের বাসিন্দা সপ্পাকার্ন জুলাভিজিতফং বলেন, সতর্কতা জারির আগে তিনি স্থানান্তরের কথা বিবেচনা করার মতো যথেষ্ট সচেতন ছিলেন না। বন্যার পানিতে ঘেরা একটি কনডোমিনিয়াম থেকে লাগেজ নিয়ে বের হওয়ার সময় তিনি এ কথা বলেন।শহরের প্রধান বিমানবন্দর সুবর্ণভূমি বিমানবন্দর স্বাভাবিকভাবে কার্যক্রম পরিচালনা করছিল। তবে পর্যটন কর্তৃপক্ষ ভ্রমণকারীদের তাদের পরিকল্পনায় অতিরিক্ত দুই থেকে তিন ঘণ্টা সময় রাখার পরামর্শ দিয়েছে।এর আগে, নভেম্বর মাসে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছিল থাইল্যান্ড। দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোতে ওই বন্যায় অন্তত ১৪৫ জনের মৃত্যু হয় এবং হাজার হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়।সূত্র: রয়টার্স