• ঢাকা
  • |
  • শনিবার ১০ই আশ্বিন ১৪৩৩ রাত ০৩:৪১:০৪ (26-Sep-2026)
  • - ৩৩° সে:
বৌদ্ধ বিহারে বিমান হামলায় নিহত ১৪

বৌদ্ধ বিহারে বিমান হামলায় নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের সাগাইং অঞ্চলের মিয়াউং শহরে একটি বৌদ্ধ বিহারে বিমান হামলায় ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই বয়স্ক নাগরিক বলে স্থানীয় উদ্ধারকর্মী ও সরকারবিরোধী যোদ্ধারা জানিয়েছেন।স্থানীয় সূত্রের বরাতে বিবিসি জানিয়েছে, ২১ আগস্ট শুক্রবার বিহারটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের বর্ষাবাস উপলক্ষে ধ্যানের আয়োজন চলছিল। এ সময় সেখানে জড়ো হওয়া লোকজনের ওপর বিমান হামলা চালানো হয়। স্থানীয় এক উদ্ধারকর্মীর দাবি, স্থাপনাটিতে দুই দফায় হামলা চালানো হয়েছে।বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মিয়াউং শহরটি মান্দালয় থেকে প্রায় ৭০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।সরকারবিরোধী যোদ্ধা নুয়ে উ মিয়াউং এএফপিকে জানান, নিহতদের মধ্যে ১১ জন পুরুষ ও তিনজন নারী। তাদের মধ্যে পাঁচজন একই গ্রামের বাসিন্দা। অন্য নয়জন পাশের একটি শহর থেকে ওই ধ্যানকেন্দ্রে এসেছিলেন। নিহতদের বয়স ৫০ থেকে ৭০ বছরের মধ্যে বলে জানান তিনি।নাম প্রকাশ না করা আরেক সরকারবিরোধী যোদ্ধা জানান, হামলার পর তিনি উদ্ধারকাজে অংশ নেন। তার দাবি, আহত ও জীবিতদের উদ্ধারের সময় একটি বিমান ফিরে এসে দ্বিতীয় দফায় হামলা চালায়।তবে এ হামলার বিষয়ে মিয়ানমারের সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।২০২১ সালে অং সান সু চির নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকেই মিয়ানমারে সংঘাত ও গৃহযুদ্ধ চলছে। দেশটির সামরিক বাহিনীর বিরুদ্ধে বেসামরিক স্থাপনা ও সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগও দীর্ঘদিনের। তবে সামরিক বাহিনী বলে আসছে, তারা নির্দিষ্ট ও বৈধ লক্ষ্যবস্তুতে হামলা চালায়।