• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:৩৫:০১ (13-Nov-2026)
  • - ৩৩° সে:
বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক চট্টগ্রাম পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা

বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক চট্টগ্রাম পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলওয়ে করিডরে একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের পর প্রস্তাবিত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক চট্টগ্রাম পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করছে সরকার।প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পের সিংহভাগ অর্থায়ন করবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। পাইলট প্রকল্পটি ইতোমধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পেয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের পরিকল্পনা সেলের প্রধান পরিকল্পনা কর্মকর্তা (সিপিও) প্রকৌশলী মো. রফিকুল ইসলাম।প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, ‘ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম আধুনিক বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন করিডোর হিসেবে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথ নির্বাচন করা হয়েছে।’ পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। আর ২০২৮ সালের মাঝামাঝি সময় থেকে বড় ধরনের নির্মাণকাজ দ্রুত এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।পাইলট প্রকল্পের আওতায় রেলপথটিতে চলাচলের জন্য ১৬ সেট আধুনিক ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ইএমইউ) ট্রেন আমদানি করা হবে। এসব ট্রেনের উভয় প্রান্তেই চালকের কক্ষ থাকবে। ফলে ট্রেনের দিক পরিবর্তনের জন্য আলাদাভাবে ঘোরানোর প্রয়োজন হবে না এবং নিয়মিত বিরতিতে ট্রেন চলাচল সম্ভব হবে।রফিকুল ইসলাম বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম রেলপথ যাত্রী ও পণ্য পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ রেলপথ রাজধানীকে দেশের প্রধান সমুদ্রবন্দর ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রগুলোর সঙ্গে যুক্ত করেছে। এ রেলপথে বৈদ্যুতিক লোকোমোটিভ চালু করা গেলে কনটেইনার ও ভারী পণ্য পরিবহন ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি হবে। একই সঙ্গে যাতায়াতের সময় ও পরিচালন ব্যয় কমানো সম্ভব হবে।’তিনি আরও বলেন, ‘বর্তমানে চট্টগ্রাম থেকে ঢাকায় রেলপথে বছরে প্রায় ৬০ হাজার থেকে ৭০ হাজার টিইইউ (২০ ফুট সমমানের একক) কনটেইনার পরিবহন করা হয়, যা মোট কনটেইনার পরিবহনের প্রায় তিন শতাংশ। ধীরাশ্রম ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) প্রকল্পের লক্ষ্য রেলপথে বছরে কনটেইনার পরিবহনের পরিমাণ ৪ লাখ ৫০ হাজার টিইইউতে উন্নীত করা। এতে রেলপথে পণ্য পরিবহনের সুযোগ আরও বাড়বে।’রেলওয়ের পরিকল্পনা সেলের সিপিও বলেন, ‘বৈদ্যুতিক ট্রেন সেবা সম্প্রসারণের পরিকল্পনার পাশাপাশি আধুনিক পণ্য ব্যবস্থাপনা সুবিধা গড়ে তোলা হলে বাংলাদেশ রেলওয়ের বাণিজ্যিক সক্ষমতা আরও শক্তিশালী হবে।এটিভি/ এম এইচ আই