• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে কার্তিক ১৪৩৩ সকাল ০৮:৫৯:৪৮ (14-Nov-2026)
  • - ৩৩° সে:
বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের উদ্যোগ, সভা আগামীকাল

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের উদ্যোগ, সভা আগামীকাল

ডেস্ক রিপোর্ট: বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে করণীয় নির্ধারণ ও জাতীয়করণ প্রক্রিয়ায় এসব বিদ্যালয়কে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা করতে উচ্চপর্যায়ের সভা ডেকেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।আগামীকাল ১৫ নভেম্বর রোববার সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা, বিশেষ সহকারী এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশ নেওয়ার কথা রয়েছে।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।মন্ত্রণালয় সূত্র জানায়, রোববার দুপুর দেড়টায় সচিবালয়ের ৬ নম্বর ভবনের ৬১০-৬১২ নম্বর কক্ষে সভাটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. দাউদ মিয়া।সভাটির আলোচ্যসূচিতে ‘বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণে অন্তর্ভুক্তিকরণ’ বিষয়টি রাখা হয়েছে। মূলত কী প্রক্রিয়ায় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের আওতায় আনা যায়, তা নিয়ে সভায় আলোচনা হওয়ার কথা রয়েছে।সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সিদ্দিক জুবায়ের উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এ ছাড়া সংশ্লিষ্ট মন্ত্রী ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশ নেওয়ার কথা রয়েছে। সভায় অংশগ্রহণের জন্য এরই মধ্যে সংশ্লিষ্ট ১৬ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে।সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের আওতায় আনার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। এ বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণে রোববারের সভাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।তবে কতটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের আওতায় আসতে পারে, কোন ধরনের প্রতিষ্ঠান অগ্রাধিকার পাবে এবং এ ক্ষেত্রে কী কী শর্ত আরোপ করা হবে, তা এখনো স্পষ্ট নয়। রোববারের সভায় এসব বিষয় নিয়ে আলোচনা হতে পারে।এ ছাড়া ওই সভাতেই জাতীয়করণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, নাকি পরবর্তী সময়ে আরও যাচাই-বাছাই করা হবে, সে বিষয়েও এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।এটিভি/এসআইআর