বকশীগঞ্জে বৃদ্ধার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা
জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে এক বৃদ্ধার বসতঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।৭ সেপ্টেম্বর সোমবার দুপুরে বকশীগঞ্জ থানায় লিখিত একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী বৃদ্ধা। এর আগে ৬ সেপ্টেম্বর রোববার গভীর রাতে বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের গুমের চর গ্রামে এই ঘটনা ঘটে। এতে টিনের দুচালা বসত ঘর, নগদ টাকা ও আসবাবপত্র পুড়ে প্রায় সাড়ে চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।জানা গেছে, নিলক্ষিয়া ইউনিয়নের গুমের চর গ্রামের মৃত আ. করিমের স্ত্রী নুরেদা বেগম (৬০) তার মেয়ের বাড়িতে বেড়াতে যান।বৃদ্ধা নুরেদা বেগম বাড়িতে না থাকায় রোববার দিবাগত গভীর রাতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। মুহূর্তেই আগুনে ভস্মীভূত হয়ে যায় ওই বৃদ্ধার বসত ঘর। এতে করে ঘরে থাকা জমি বিক্রির নগদ ২ লাখ টাকাসহ সাড়ে ৪ লাখ টাকার গৃহস্থালির জিনিসপত্র ভস্মীভূত হয়। এঘটনার পর এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।বৃদ্ধা নুরেদা বেগম বলেন, আমি আমার চার মেয়েকে জমি লিখে দেওয়ায় আমার সৎ ছেলে ও সৎ নাতিরা ক্ষুব্ধ হয়। সম্পত্তি না পাওয়ায় দীর্ঘদিন ধরে আমাকে মারধর ও বাড়ি থেকে বিতাড়িত করার হুমকি দিয়ে আসছিল তাঁরা। এর জের ধরেই তাঁরা আমার বসত ঘরে আগুন দিয়েছে। আমি এর বিচার চাই।বসত ঘরে আগুন দেওয়ার ঘটনায় বৃদ্ধা নুরেদা বেগম বকশীগঞ্জ থানায় তাঁর সৎ ছেলে শাজাহান, নাতি মো. সাইফুল, আমিনুল হক সহ ৮ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন।বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, এঘটনার সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।