• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই আশ্বিন ১৪৩৩ দুপুর ১২:১১:৪৮ (02-Oct-2026)
  • - ৩৩° সে:
বিয়ের জন্য পাত্র খুঁজতে মার্কিন তরুণীর অভিনব কাণ্ড

বিয়ের জন্য পাত্র খুঁজতে মার্কিন তরুণীর অভিনব কাণ্ড

ডেস্ক রিপোর্ট: বিয়ের জন্য পাত্র খুঁজতে অভিনব এক পদ্ধতি বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার শার্লটের ৩৬ বছর বয়সী এরিন প্যাটারসন। সম্ভাব্য জীবনসঙ্গীর সন্ধানে তিনি তৈরি করেছেন একটি গুগল ফর্ম, যার নাম দিয়েছেন ‘হাজব্যান্ড অ্যাপ্লিকেশন’। ইতোমধ্যে ওই ফর্মে ২৪১টি আবেদন জমা পড়েছে। পাশাপাশি তাঁর কাছে এসেছে প্রায় ১ হাজার ৫০০টি সরাসরি বার্তা।৩০ সেপ্টেম্বর বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘদিন ধরে জীবনসঙ্গীর খোঁজ করছিলেন এরিন। ডেটিং অ্যাপ থেকে শুরু করে পরিচিতদের মাধ্যমে সম্ভাব্য পাত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন তিনি। তবে পছন্দসই কাউকে না পাওয়ায় এবার ভিন্ন পদ্ধতিতে পাত্র খোঁজার সিদ্ধান্ত নেন।তাঁর তৈরি ফর্মে সম্ভাব্য পাত্রদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয়েছে। নাম, বয়স ও ফোন নম্বরের পাশাপাশি জানতে চাওয়া হয়েছে পেশা, দৈনন্দিন জীবনযাপন, ভবিষ্যৎ পরিকল্পনা, বিয়ে ও পরিবার সম্পর্কে মতামত এবং সম্পর্কের ক্ষেত্রে প্রত্যাশার কথা।এমনকি কোনো একটি বিষয়ে ঘণ্টার পর ঘণ্টা কথা বলতে হলে সেটি কী হতে পারে—এমন প্রশ্নও রাখা হয়েছে ফর্মে। অর্থাৎ, শুধু বাহ্যিক আকর্ষণ বা পেশা নয়; সম্ভাব্য জীবনসঙ্গীর ব্যক্তিত্ব, মূল্যবোধ, জীবনযাপন ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ধারণা নেওয়াই ছিল এরিনের উদ্দেশ্য।ফর্মে নিজের পছন্দের বিষয়গুলোও স্পষ্ট করেছেন তিনি। সম্ভাব্য পাত্রকে অবিবাহিত হতে হবে এবং বয়স হতে হবে ২৮ থেকে ৪৭ বছরের মধ্যে। পাশাপাশি তিনি এমন একজন খ্রিস্টান পুরুষ চান, যিনি বিয়ে, সংসার ও সন্তান নেওয়ার বিষয়ে আগ্রহী।এরিনের প্রত্যাশা, তাঁর জীবনসঙ্গী হবেন সুদর্শন, বুদ্ধিমান, দয়ালু, বিশ্বস্ত ও উদার। একই সঙ্গে তিনি এমন কাউকে চান, যিনি কফি বা রাতের খাবারের আড্ডায় যেতে এবং অর্থপূর্ণ কথোপকথনে আগ্রহী। তবে এসবের চূড়ান্ত লক্ষ্য যে বিয়ে, সেটিও ফর্মে স্পষ্ট করেছেন তিনি।এরিনের এই অভিনব ‘হাজব্যান্ড অ্যাপ্লিকেশন’ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে নানা আলোচনা। কেউ তাঁর উদ্যোগের প্রশংসা করেছেন, আবার কেউ বিষয়টি নিয়ে মজাও করেছেন। তবে এরিনের কাছে এটি নিজের পছন্দ ও প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবনসঙ্গী খোঁজার একটি ভিন্নধর্মী চেষ্টা।