বিয়ের খাবার খেয়ে একজনের মৃত্যু, বর-কনেসহ হাসপাতালে অর্ধশতাধিক
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জের নিকলী উপজেলায় বিয়ের অনুষ্ঠানের খাবার খেয়ে নবদম্পতিসহ ৬০ জনের বেশি মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় কিরণ মিয়া (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। অসুস্থদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।১৩ নভেম্বর শুক্রবার উপজেলার দামপাড়া ইউনিয়নের বড়কান্দা গ্রামে এ ঘটনা ঘটে।নিহত কিরণ মিয়া ওই গ্রামের ইউসুফ আলী মাস্টারের ছেলে। পেশায় তিনি একজন পল্লিচিকিৎসক ছিলেন। অসুস্থ হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভাগলপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ নভেম্বর শনিবার বিকেলে তাঁর মৃত্যু হয়।স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার বড়কান্দা গ্রামের আরজু মিয়ার মেয়ের বিয়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রায় ৩০০ অতিথির জন্য খাবারের ব্যবস্থা ছিল। খাবার খাওয়ার পরপরই অনেকের পেটব্যথা, বমি ও ডায়রিয়া শুরু হয়। দুই পক্ষের অনেক অতিথি অসুস্থ হয়ে পড়েন।পরে অসুস্থ ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ ও ভাগলপুরের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। এ ছাড়া কয়েকজন নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।বিয়ের কনে জানান, অনুষ্ঠানে খাবার খেয়ে দুই পক্ষের অনেক অতিথি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর স্বামী এবং তিনিও অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।হাসপাতালে চিকিৎসাধীন সিংপুর গ্রামের সেলিম মিয়া বলেন, বিয়ের অনুষ্ঠানে গরুর মাংস ঠিকমতো রান্না করা হয়নি। ওই খাবার খেয়ে তিনি ও তাঁর পরিবারের চার সদস্য অসুস্থ হয়ে পড়েছেন।নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক পরমা দাস বলেন, বিয়ের অনুষ্ঠানের খাবার খেয়ে অসুস্থ হয়ে এ পর্যন্ত ২২ জন নারী ও ১৮ জন পুরুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া অনেকে অন্য হাসপাতালেও চিকিৎসা নিচ্ছেন বলে তাঁরা জানতে পেরেছেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজীব ঘোষ বলেন, অসুস্থ ব্যক্তিদের নিয়মিত চিকিৎসা ও প্রয়োজনীয় সেবা দেওয়া হচ্ছে। যাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক, তাঁদের উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যাসংকট থাকায় রোগীদের হাসপাতালের মেঝেতে রেখেই চিকিৎসা দিতে হচ্ছে।এটিভি/এসআইআর