রাজধানীতে গ্যাস লিকেজ বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ২ জনের মৃত্যু
অনলাইন ডেস্ক: রাজধানীর ভাটারার নতুন বাজার এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিন সদস্যের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন শাহিন (২৪) ও তার আট বছর বয়সী ভাগ্নি হাফসা আক্তার। এ ঘটনায় শাহিনের স্ত্রী ফাহিমা আক্তার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।২৪ জুলাই শুক্রবার সকাল ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শাহিনের মৃত্যু হয়। এর আগে ২৩ জুলাই বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে মারা যায় হাফসা।মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি জানান, শাহিনের শরীরের ৫০ শতাংশ এবং হাফসার ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। ফাহিমার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে এবং তার অবস্থাও আশঙ্কাজনক।গত মঙ্গলবার ভোর ৪টার দিকে নতুন বাজারের ১০০ ফিট সড়কের একটি ছয়তলা ভবনের নিচতলার একটি বাসায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শাহিন, তার স্ত্রী ফাহিমা আক্তার এবং ভাগ্নি হাফসা দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।প্রতিবেশী মো. জসিম উদ্দিন জানান, ভোরে বিকট শব্দে বিস্ফোরণের পর বাসায় গিয়ে তিনজনকে দগ্ধ অবস্থায় পাওয়া যায়। তার দাবি, বাসাটিতে তিতাসের গ্যাস সংযোগ ছিল এবং রাতে গ্যাস লিকেজ হয়ে কক্ষে গ্যাস জমে যাওয়ার পর ভোরে আগুনের সংস্পর্শে এসে বিস্ফোরণ ঘটতে পারে।এদিকে ফাহিমার চাচি শামীমা সুলতানা অভিযোগ করেন, প্রায় এক মাস আগে তারা ওই বাসায় ভাড়া ওঠার পর থেকেই গ্যাসের গন্ধ পাওয়া যেত। বিষয়টি বাড়িওয়ালাকে জানানো হলে একবার পাইপ মেরামত করা হলেও পরবর্তী সময়ে একাধিকবার গ্যাস লিকেজ হলেও তা আর ঠিক করা হয়নি। তার অভিযোগ, বাড়িওয়ালার অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।