• ঢাকা
  • |
  • রবিবার ৭ই চৈত্র ১৪৩২ রাত ০১:২৮:৩৯ (22-Mar-2026)
  • - ৩৩° সে:
বিসিসিআইয়ের বিরুদ্ধে অভিযোগ তুলে ধারাভাষ্য থেকে অবসর শিবরামকৃষ্ণানের

বিসিসিআইয়ের বিরুদ্ধে অভিযোগ তুলে ধারাভাষ্য থেকে অবসর শিবরামকৃষ্ণানের

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেটে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার লক্ষ্মণ শিবরামকৃষ্ণান। ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে বর্ণবৈষম্যের অভিযোগ তুলে ধারাভাষ্য থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।২০ মার্চ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিজের সিদ্ধান্তের কথা জানান ১৯৮৫ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপজয়ী দলের এই সদস্য। দীর্ঘ ২৩ বছরের ধারাভাষ্য জীবনে প্রাপ্য সম্মান ও সুযোগ না পাওয়ার অভিযোগ তুলে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।নিজের পোস্টে লক্ষ্মণ শিবরামকৃষ্ণান উল্লেখ করেন, এত বছরের ক্যারিয়ারে তাকে কখনো টস বা ম্যাচ প্রেজেন্টেশন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়নি। এমনকি রবি শাস্ত্রী কোচ থাকাকালেও নতুন ধারাভাষ্যকাররা এসব দায়িত্ব পেলেও তিনি পাননি যা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।পরবর্তীতে এক ভক্তের প্রশ্নের জবাবে তিনি সরাসরি বর্ণবৈষম্যের ইঙ্গিত দেন। তার এ অভিযোগ সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কেউ তার প্রতি সমর্থন জানালেও, আবার কেউ বিষয়টি নিয়ে সংশয় প্রকাশ করেছেন।এদিকে তার অবসরের ঘোষণায় বিস্ময় প্রকাশ করেছেন ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে তিনি হতাশা প্রকাশ করেন।উল্লেখ্য, ১৯৮০-এর দশকে ভারতের হয়ে ৯টি টেস্ট ও ১৬টি ওয়ানডে খেলেন শিবরামকৃষ্ণান। ১৯৮৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১২ উইকেট নিয়ে আলোচনায় আসেন তিনি। এছাড়া ১৯৮৫ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বেংসন অ্যান্ড হেজেস বিশ্ব চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন।