চাটমোহরে পুকুর খননের সময় প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার
পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল এলাকায় পুকুর সংস্কারের কাজ চলাকালে একটি বিষ্ণু মূর্তি উদ্ধার হয়েছে।৭ মার্চ শনিবার দুপুরে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়ি গ্রামের মাঠের পুকুর নামক একটা পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।জানা যায়, সরকারি একটি প্রকল্পের আওতায় পুকুরটি সংস্কারের জন্য ভেকু (খননযন্ত্র) দিয়ে মাটি কাটার সময় মাটির নিচে একটি পাথরের মূর্তি দেখতে পান শ্রমিকরা। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় কৌতূহলী মানুষের ভিড় জমে।পরে পুকুর খননে দায়িত্বে থাকা ওই গ্রামের ছেলে ইদ্রীস আলী থানা ও ইউএনওকে খবর দেয়।খবর পেয়ে চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুসা নাসের চৌধুরী ও হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আতিকুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন। পরে তারা মূর্তিটি উদ্ধার করে নিরাপদে সংরক্ষণের ব্যবস্থা করেন। বর্তমানে উদ্ধার হওয়া বিষ্ণু মূর্তিটি হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে।চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী জানান, উদ্ধার হওয়া মূর্তিটির উচ্চতা প্রায় ৪ ফুট এবং ওজন আনুমানিক ৪০ থেকে ৫০ কেজি হতে পারে। মূর্তিটি ভাঙ্গা অবস্থায় উদ্ধার করা হয়। আপাতত মূর্তিটি হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রে সংরক্ষণ করা হয়েছে। পরবর্তীতে এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।স্থানীয়দের ধারণা, উদ্ধার হওয়া মূর্তিটি হিন্দু ধর্মাবলম্বীদের পূজিত বিষ্ণু দেবতার মূর্তি এবং এটি বেশ প্রাচীন। এলাকাটিতে পূর্বে কোনো প্রাচীন স্থাপনা বা মন্দির থাকতে পারে, যার অংশ হিসেবে মূর্তিটি মাটির নিচে চাপা পড়ে।